IPL 2025: আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের বাড়তি লক্ষ্মীলাভ! সেই অঙ্কে সবচেয়ে দামি পন্থ পাবেন ২৭ কোটির পর…
IPL 2025 New Rule: এ বারের আইপিএল অন্য মরসুম গুলোর থেকে খানিক আলাদা। কার্যকরী হতে চলেছে বেশ কয়েকটা নতুন নিয়ম। ভারতীয় ক্রিকেটারদের সেই সঙ্গে থাকছে বাড়তি লক্ষ্মীলাভের সুযোগ। বিষয়টা পরিষ্কার করা যাক।

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মানেই কোটি কোটি টাকার খেলা। প্রচুর অনামি ক্রিকেটার রাতারাতি এই মঞ্চে কোটিপতি হয়ে যান। নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে লাইমলাইটে চলে আসেন। রোমাঞ্চ এবং উত্তেজনায় ভরপুর ১০ দলের লড়াই দেখতে মুখিয়ে থাকেন ক্রিকেট প্রেমীরা। আর মাত্র কয়েকটা দিন, তারপর আইপিএলের (IPL) ১৮তম সংস্করণের ঢাকে কাঠি পড়বে। এ বারের আইপিএল অন্য মরসুম গুলোর থেকে খানিক আলাদা। কার্যকরী হতে চলেছে বেশ কয়েকটা নতুন নিয়ম। ভারতীয় ক্রিকেটারদের সেই সঙ্গে থাকছে বাড়তি লক্ষ্মীলাভের সুযোগ। বিষয়টা পরিষ্কার করা যাক।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা ভারতীয় ক্রিকেটারদের কীভাবে হবে বাড়তি লক্ষ্মীলাভ?
আসলে এ বারের আইপিএল থেকে ম্যাচ ফি চালু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বছর সেপ্টেম্বরে সে কথা অফিসিয়ালি জানিয়েছিলেন সেই সময়ের বোর্ড সচিব জয় শাহ। সেখানে উল্লেখ করা হয়েছিল যে, ভারতীয় মুদ্রায় দেশের প্লেয়াররা ৭.৫ লক্ষ টাকা করে ম্যাচ ফি পাবেন। তা অবশ্য তাঁদের আইপিএল টিম থেকে পাওয়া চুক্তির টাকার বাইরে। ১০ ফ্র্যাঞ্চাইজির জন্য মোট ১২.৬০ কোটি টাকা অনুমোদন করেছে বোর্ড।
In a historic move to celebrate consistency and champion outstanding performances in the #IPL, we are thrilled to introduce a match fee of INR 7.5 lakhs per game for our cricketers! A cricketer playing all league matches in a season will get Rs. 1.05 crores in addition to his…
— Jay Shah (@JayShah) September 28, 2024
গত বছরের শেষে মরুশহরে হওয়া আইপিএলের মেগা নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছিলেন ঋষভ পন্থ। তাঁকে ২৭ কোটি টাকা দিয়ে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। এ বার তিনি যদি আইপিএলে ১৪টি ম্যাচেই খেলার সুযোগ পান, তা হলে তাঁর অতিরিক্ত রোজগার হবে ১ কোটিরও বেশি।
