AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ind vs Pak : তারিকের পর এ বার ফারহান, ভারতের বিরুদ্ধে নামার আগে হুমকি পাকিস্তানের!

পাকিস্তান নিয়ে বিতর্ক যেন থামছে না। বাবর আজমকে প্রকাশ্যে সমালোচনা করছেন তাঁর দেশেরই প্রাক্তন ক্রিকেটাররা। উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। সেই ঘটনায় উসমানকে সমর্থন করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন শাহিবজাদা ফারহান।

Ind vs Pak : তারিকের পর এ বার ফারহান, ভারতের বিরুদ্ধে নামার আগে হুমকি পাকিস্তানের!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Feb 14, 2026 | 1:15 PM
Share

কলকাতা : ভারত বনাম পাকিস্তান মহাযুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা। তার মধ্যেই আবার ভারতীয় ক্রিকেটারদের হুমকি দিয়েছেন পাকিস্তানি খেলোয়াড়রা। ভারত-পাক ম্যাচ নিয়ে এমনিতেই উত্তেজনা ছড়ায়। তার মধ্যে পাক ক্রিকেটারদের ম্যাচের আগে ‘নাটক’ এই মহারণের উত্তাপকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে দুই দল মুখোমুখি হয়েছে ৮ বার। ভারত জয়ী ৭ ম্যাচে। পাকিস্তান মাত্র একটি ম্যাচে। ২০২১ সালে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিলেন বাবর আজমরা। রবিবারের ম্যাচে যে দল জিতবে, তারা সুপার এইটে প্রায় নিশ্চিত হয়ে যাবে।

এমনিতেই পাকিস্তান নিয়ে বিতর্ক যেন থামছে না। বাবর আজমকে প্রকাশ্যে সমালোচনা করছেন তাঁর দেশেরই প্রাক্তন ক্রিকেটাররা। উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। সেই ঘটনায় উসমানকে সমর্থন করেছেন রবিচন্দ্রন অশ্বিন। পাকিস্তান নিজেদের সব ম্যাচই খেলছে শ্রীলঙ্কায়। ভারতীয় দল কলম্বো পৌঁছেছে গতকাল। রাজকীয় সম্বর্ধনা পেয়েছেন সূর্যকুমার যাদবরা। এর মধ্যে পাকিস্তানের তোপ দাগা চলছে। গতকালই পাক স্পিনার উসমান তারিক বলেছিলেন, তাঁকে ভয় পেয়েছে ভারত! তাঁর সঙ্গে যোগ দিয়েছেন শাহিবজাদা ফারহান। পাক ওপেনার আবার বলেছেন, “বরুণকে খেলতে আমাদের কোনও সমস্যাই হবে না। বরুণকে দেখে নেব।”

ভিডিও সেশনে ভারতকে নিয়ে কাটাছেঁড়া করেছে পাক দল। বরুণের বোলিংয়ের ভিডিও বারবার দেখে প্রস্তুতি নিয়েছে গ্রিন আর্মি। মোট ৬টা আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে বরুণের বোলিং স্ক্যান করে প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই জন্যেই কি ফারহান বলেছেন,”বরুণের রহস্য ফাঁস হয়ে গিয়েছে?”

দুই দলই একে অন্যের বিরুদ্ধে সদ্য এশিয়া কাপে খেলেছে। তাই, কে কোন জায়গায় এগিয়ে, কোথায় পিছিয়ে, সেই সম্পর্কে ওয়াকিবহাল দুই দল। ভারতের টপ অর্ডার বিধ্বংসী হলেও লোয়ার অর্ডার যথেষ্ট নড়বড়ে। মিডল ওভারে পরপর উইকেট হারাচ্ছে ভারত। পাকিস্তানের ‘মিস্ট্রি স্পিনার’ উসমান তারিককে আগে খেলেনি ভারত। বোলিংয়ে দুই সেরা অস্ত্র বরুণ চক্রবর্তী ও বুমরা রয়েছেন। অভিষেক খেলবেন কিনা, এখনও স্পষ্ট করে বলতে পারছে না টিম ম্যানেজমেন্ট। এদিকে ভারতের বিরুদ্ধে শেষ ৫ ম্যাচেই হেরেছে পাকিস্তান। কলম্বোতে প্রায় দুই সপ্তাহ ধরে থাকার ফলে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে পাক দল। দুর্দান্ত ফর্মে রয়েছেন ওপেনার শাহিবজাদা ফারহান। ছন্দে নেই বাবর। এই মাইনাস পয়েন্টগুলোই চিন্তায় রাখবে পাক কোচ মাইক হেসনকে।