IPL 2026 : বোলিং ভোগাল চেন্নাইকে, শ্রেয়সের ব্যাটে ভর করে জয় পাঞ্জাবের!
CSK vs PBKS : চোটের কারণে নেই ধোনি, ব্রেভিস। দলবদল ঘটেছে জাদেজারও। রাজস্থানের হয়ে নিজের প্রথম ম্যাচেই এই সিএসকের বিরুদ্ধেই ২ উইকেট নিয়েছেন সমর্থকদের প্রিয় 'জাড্ডু'। আজ চিপকের সমর্থকদের দেখে বোঝা যাচ্ছিল, ধোনির না থাকা কত বড় ধাক্কা দিয়েছে তাঁদের মনোবলে।

কলকাতা : বহু বছর আগে ভারতীয় ক্রিকেটের অন্দরে কান পাতলে একটা কথা শোনা যেত। সচিনকে আউট করলেই ম্যাচ পকেটে। সচিন নেই, ভারত শুরু থেকেই কয়েক ধাপ পিছিয়ে নামবে। এই অবস্থাই যেন হয়েছে সিএসকের। চোটের কারণে নেই মহেন্দ্র সিং ধোনি। তাঁর না থাকাই যেন কয়েকশো ধাপ পিছিয়ে দিয়েছে চেন্নাইকে। অধিনায়ক রুতুরাজের কিছুই যেন ব্যাটে বলে হচ্ছে না। আজ নিজে ২২ বলে ২৮ করলেও বোলিং ডিপার্টমেন্টের ব্যর্থতায় প্রায় জেতা ম্যাচ যেন পাঞ্জাবকে থালায় সাজিয়ে দিয়ে দিলেন পাঞ্জাবকে। ২১০ করেও ৫ উইকেটে হারলেন তাঁরা। এই নিয়ে টানা দুই ম্যাচে দুই হার সিএসকে-র। দুই দল খেলেছে মোট ৩২ ম্যাচ। দুজনেরই জয় ১৬টি। কিন্তু আজ যেভাবে সিএসকে প্রথম ওভার থেকেই পাঞ্জাবকে মাথায় চড়ে বসতে দিল, সমর্থকরা আইপিএল জয়ের প্রত্যাশা না করতেই পারেন।
পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। শুরুটা ভাল করেছিল পাঞ্জাব। ব্যক্তিগত ৭ রানের মাথায় আউট হলেন সঞ্জু স্যামসন। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে সঙ্গে নিয়ে বড় রানের ইনিংস খেললেন আয়ুষ মাত্রে। সদ্যই অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপ জিতে এসেছেন আয়ুষ। তিনি করলেন ৪৩ বলে ৭৩ রান। অধিনায়ক আজ খুব একটা বেশি রান করতে সক্ষম হতে পারেননি। ২২ বলে ২৮ করলেন রুতুরাজ। দায়িত্ব নিয়ে ভাল খেলেছেন সরফরাজ খান। ১২ বলে ৩২ করলেন সরফরাজ। এর আগে তাঁকে নিয়ে বঞ্চনার অভিযোগ উঠলেও আজ সরফরাজ প্রমাণ করলেন কেন তিনি দলে ঢোকার দাবিদার।
ভাল খেললেন শিবম দুবেও। ২৭ বলে ৪৫ করলেন শিবম। বিশ্বকাপ থেকেই দেখা যাচ্ছে, স্লগ ওভারে শিবম দুবে বড় রানের ইনিংস খেলছেন। আজ তিনি না থাকলে ২০০ রান ওঠে না চেন্নাইয়ের। ২০ ওভার শেষে সিএসকে করল ২০৯/৫ । ২ উইকেট পেয়েছেন বৈশাখ বিজয়কুমার। এর ফলে, আইপিএলে বেগুনি টুপির অধিকারী হলেন বৈশাখ।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তুলেছিলেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং। ৪ ওভারের মধ্যেই ৬০ রান উঠে যায় পাঞ্জাবের। ১১ বলে ৩৯ করে আউট হলেন প্রিয়াংশ। আর এক ওপেনার প্রভসিমরনও রান পেলেন। তিনি করলেন ৩৪ বলে ৪৩। তবে যাঁর কথা না বললেই নয়, তিনি পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাননি শ্রেয়স। আজ যেন সেই ক্ষোভ উগরে দিলেন চেন্নাইয়ের বিরুদ্ধে। ২৬ বলে করলেন হাফ সেঞ্চুরি। ২৯ বলে ৫০ করে যখন তিনি আউট হলেন, ততক্ষনে ম্যাচ পকেটে পুরে নিয়েছে পাঞ্জাব কিংস।
শ্রেয়স আউট হওয়ার পরের বলেই আউট হয়ে যান নেহাল ওয়াধেরা (১০)। যদিও এতে কোনও অসুবিধে হয়নি। শশাঙ্ক সিং (১৪ নট আউট) ও মার্কাস স্টোইনিস (৯ নট আউট) মাইল ৮ বল বাকি থাকতেই ৫ উইকেটে জিতিয়ে দিলেন পাঞ্জাবকে। ২১০ তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে পাঞ্জাবের স্কোর ২১০/৫। ২টি করে উইকেট পেয়েছেন কম্বোজ ও ম্যাট হেনরি।
চোটের কারণে নেই ধোনি, ব্রেভিস। দলবদল ঘটেছে জাদেজারও। রাজস্থানের হয়ে নিজের প্রথম ম্যাচেই এই সিএসকের বিরুদ্ধেই ২ উইকেট নিয়েছেন সমর্থকদের প্রিয় ‘জাড্ডু’। আজ চিপকের সমর্থকদের দেখে বোঝা যাচ্ছিল, ধোনির না থাকা কত বড় ধাক্কা দিয়েছে তাঁদের মনোবলে। অতীতে এমন বহু ম্যাচ ধোনি নিজের অধিনায়কত্বের ক্যারিশমায় চেন্নাইকে জিতিয়েছেন। আজ তিনি ডাগ আউটেও ছিলেন না।
ধোনির নাম বললেই মনে পড়ে যায় একটা রবীন্দ্র সংগীত। পুরানো সেই দিনের কথা, ভুলবি কী রে হায়? ধোনি সেইসব ম্যাচে পেয়েছেন একজন জাদেজা ও একজন অশ্বিনকে। আজ তাঁরা সম্পূর্ণ অন্য মেরুতে। অশ্বিন কমেন্ট্রি করছেন এবং জাদেজা রাজস্থানে। আজ কী তাঁদের কথা একটু হলেও মনে পড়ছিল চেন্নাই সমর্থকদের ? না পড়লেই খুশি হব। অতীতকে ভুলে এগিয়ে যাওয়ার নামই যে জীবন। অতীত ভুলে সামনে তাকাবেন রুতুরাজও। এখনও যে ১২ ম্যাচ বাকি।
