T20 World Cup : হ্যারি ব্রুকের শতরানে শেষ চারে রাস্তা আরও কঠিন পাকিস্তানের!
সুপার এইটের গ্ৰুপ ২ থেকে আপাতত ইংল্যান্ড শেষ চারে চলে গিয়েছে। এই নিয়ে টানা পাঁচবার অন্তত সেমিফাইনালে গেল ইংলিশ টিম। বাকি মাত্র একটি স্থান। সেখানে যাওয়ার লড়াই শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের। ২ ম্যাচে ১টি ভেস্তে গিয়েছে পাকিস্তানের। অন্যটিতে হেরেছে তারা। ফলে সর্বোচ্চ ৩ পয়েন্টে যেতে পারবেন বাবররা। ৩ পয়েন্ট নিয়েও শেষ চারে যাওয়ার সুযোগ থাকবে পাকিস্তানের।

কলকাতা : টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন কোনও কিছুই ঠিক হচ্ছে না পাকিস্তানের। প্রথমে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েও শেষ অবধি নিজেদের মুখ পুড়িয়ে ম্যাচ খেলতে হয়েছে। সেখানেও ৬১ রানে হেরে গিয়েছেন বাবর আজমরা। সুপার এইটে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠলেও প্রথম ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালের রাস্তা অনেকটাই কঠিন করে ফেলল পাকিস্তান। বিরাট অঘটন না ঘটলে গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলে করাচির বিমান ধরতে হবে পাকিস্তান টিমকে।
মঙ্গল-সন্ধেয় পাল্লেকেলে একার হাতেই পাকিস্তানকে খাদের কিনারে পাঠিয়ে দিলেন হ্যারি ব্রুক। তাঁর শতরানে ভর করেই পাকিস্তানকে ২ উইকেটে হারাল ইংল্যান্ড। পাকিস্তানকে এখন নিজেদের শেষ ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের দিকেও। গতকাল প্রথমে ব্যাট করে পাকিস্তান করেছিল ৯ উইকেটে ১৬৪। শুরুতেই সায়িম আয়ুব (৭) ও সলমন আগা (৫) আউট হয়ে গেলেও দায়িত্বশীল ইনিংস খেলেন সাহিবজাদা ফারহান। তাঁর ৬৩ রানের ইনিংসের সুবাদেই বড় রান তুলতে সক্ষম হয় পাকিস্তান।
জবাবে ব্যাটে নেমে প্রথম বলেই আউট হয়ে যান ফিল সল্ট। ব্যর্থ আর এক ওপেনার বাটলারও। একসময় ৩৫-৩ হয়ে গিয়েছিল ইংল্যান্ডের স্কোর। সেখান থেকেই হাল ধরেন হ্যারি ব্রুক। ৫১ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি। এর আগে নেপাল ম্যাচে ছাড়া আর কোনও ম্যাচেই রান পাননি তিনি। ৫ বল বাকি থাকতেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। এর ফলে তারা পৌঁছে গেল শেষ চারে। ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি। এর আগে তাঁকে নিয়ে বহু সমালোচনা হলেও ৪ উইকেট নিয়ে জবাব দিলেন তিনি।
সুপার এইটের গ্ৰুপ ২ থেকে আপাতত ইংল্যান্ড শেষ চারে চলে গিয়েছে। এই নিয়ে টানা পাঁচবার অন্তত সেমিফাইনালে গেল ইংলিশ টিম। বাকি মাত্র একটি স্থান। সেখানে যাওয়ার লড়াই শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের। ২ ম্যাচে ১টি ভেস্তে গিয়েছে পাকিস্তানের। অন্যটিতে হেরেছে তারা। ফলে সর্বোচ্চ ৩ পয়েন্টে যেতে পারবেন বাবররা। ৩ পয়েন্ট নিয়েও শেষ চারে যাওয়ার সুযোগ থাকবে পাকিস্তানের। তবে তার জন্য রয়েছে জটিল অঙ্কের সমীকরণ। পাকিস্তানকে জিততেই হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। অন্যদিকে নিউজিল্যান্ডকে বাকি ২ ম্যাচে হারতে হবে। এর ফলে পাকিস্তানের পয়েন্ট হবে ৩, নিউজিল্যান্ডের ১, শ্রীলঙ্কার ২। তবেই পাকিস্তান শেষ চারে উঠবে।
অন্য অঙ্কে, যদি কিউয়িরা নিজেদের বাকি ২ ম্যাচের একটিতেও জিতে যায়, তাহলে তাদের পয়েন্ট হবে ৩। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে। তাহলে রান রেটে এগিয়ে থাকায় শেষ চারে যাবে পাকিস্তান। কারণ, শ্রীলঙ্কার পয়েন্ট তখন থাকবে ২। তবে, পাকিস্তানের আগেই খেলা কিউয়িদের। তাই কোন অঙ্ক অপেক্ষা করছে, সেটা জেনেই মাঠে নামতে পারবেন সলমনরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হবে সলমনদের। সেই ম্যাচের যদি অন্য ফল হয়, তখন বাকি দলের ফলেও কোনও ফারাক পড়বে না গ্ৰুপের। শেষ ৮ থেকেই বিদায় ঘটে যাবে ২০০৯ সালের বিশ্বজয়ীদের।
