IPL 2026 : বর্ষাপাড়ায় বৈভব ঝড়, ৮ উইকেটে চেন্নাই বধ পরাগদের!
IPL 2026 : আজ অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। চেন্নাই দলে ছিলেন না ধোনি ও ব্রেভিস। প্রথম থেকেই চেন্নাইকে বেঁধে রাখল রাজস্থান। ২০১০ সাল থেকে মাত্র ৬ বার ধোনিকে ছাড়া মাঠে নেমেছে সিএসকে। একবার বাদ দিয়ে প্রত্যেকবার হেরেছে তারা। অন্যথা হল না আজও।

কলকাতা : আজ কলকাতার আকাশ ও চেন্নাইয়ের ব্যাটিংয়ের সঙ্গে কি অত্যাশ্চর্য মিল পেলেন সমর্থকেরা। দুটোই গর্জালেও বর্ষাল না। সন্ধ্যে থেকেই মেঘ ডাকলেও সেইভাবে বৃষ্টি হল না কলকাতায়। ওদিকে চেন্নাইয়ের ব্যাটিংয়ে কে না ছিলেন ? সঞ্জু স্যামসন, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, আয়ুষ মাত্রে। কিন্তু সব রং যেন শুষে নিলেন নান্দ্রে বার্গার ও আর্চার। দ্বিতীয় ওভার থেকে যে হারে চেন্নাইয়ের উইকেট পড়তে শুরু করল, একসময় ১০০ রানের গন্ডি যেন মনে হচ্ছিল, দিল্লি অভি ভি বহুত দূর হ্যায়। কিন্তু চেন্নাইয়ের ত্রাতা হয়ে অবতীর্ণ হলেন জেমি ওভার্টন। তিনি না থাকলে ১০০ রানেও পৌঁছায় না চেন্নাই। যতই নিজের পুরোনো দলের বিরুদ্ধে খেলুন, তিনি, রবীন্দ্র জাদেজা প্রমান করলেন স্রেফ জার্সির রং বদলেছে, বদল হয়নি তাঁর ফর্মের। বর্ষাপাড়ায় প্রথম ম্যাচেই যেভাবে পা হড়কে পড়ল সিএসকে, এই ব্যথার উপশম না করলে যে ভবিষ্যৎ অন্ধকার তাঁদের, তা বলে দিতে হয় না।
টসে জিতে রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। দ্বিতীয় ওভার থেকেই ব্যাটিং ভরাডুবি শুরু হয়ে যায় চেন্নাইয়ের। ৭ বলে ৬ রান করে আউট হয়ে যান সঞ্জু স্যামসন। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। কিন্তু আজ নান্দ্রে বার্গারের বলে আউট হয়ে যান তিনি। এরপর থেকেই ক্রমাগত উইকেট পড়তে থাকে সিএসকের। অধিনায়ক ঋতুরাজ করলেন ১১ বলে ৬। প্রথম বলেই আউট হয়ে যান আয়ুষ মাত্রে। একসময় ৫৭ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল চেন্নাইয়ের। অতি বড় চেন্নাই সমর্থকও চিন্তায় ছিলেন, আদৌ ১০০ রান করতে পারবে তো চেন্নাই ?
সেখান থেকেই পাল্টা লড়াই শুরু করলেন জেমি ওভার্টন। ৩৬ বলে ৪৩ রান করলেন জেমি। তাঁর ব্যাটে ভর করেই ১২৭ রান করল সিএসকে। ১২ বলে ১৮ রান করলেন সরফরাজ খান। ২ উইকেট পেয়েছেন জোফ্রা আর্চার। ২টি করে উইকেট পেয়েছেন বার্গার ও জাদেজা। একটি করে উইকেট পেলেন ব্রিজেশ ও সন্দীপ শর্মা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বলে অর্ধ শতরান করলেন এই বিস্ময় বালক। ১৭ বলে ৫২ রান করে আউট হলেন তিনি। সাম্প্রতিক সময়ে দারুন ফর্মে রয়েছেন বৈভব। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে করেছিলেন ১৭৫ রান। আজ তাঁর ব্যাটিং বিক্রমেই পাওয়ার প্লের শেষেই ৭০ রানের গন্ডি পেরিয়ে গিয়েছিল রাজস্থান। শুরুতে সময় নিলেও পরে মারকুটে ব্যাটিং শুরু করেন আর এক ওপেনার যশস্বী জয়সোয়াল। তিনি করলেন ৩৪ বলে ৩৭ রান। ১০ বল খেলে ১৪ রানে অপরাজিত রইলেন অধিনায়ক রিয়ান পরাগ। ১২৮ রান তাড়া করতে নেমে অতি সহজেই মাত্র ২ উইকেট হারিয়ে ১২.১ ওভারে ১২৮ রান তুলে ফেলল রাজস্থান।
এই ম্যাচ শুরুর আগে থেকেই সমস্যায় ছিল চেন্নাই শিবির। চোটের কারণে প্রথম কয়েকটি ম্যাচে নেই মহেন্দ্র সিং ধোনি। তাঁর সঙ্গেই পায়ের চোটে ছিটকে গেলেন ডেওয়াল্ড ব্রেভিসও। ২৭৭ দিন পর ধোনিকে ছাড়া কোনও ম্যাচে নামল সিএসকে। একমাত্র ২০১০ সালে একটি ম্যাচে তিনি না থাকা সত্ত্বেও জিতেছিল চেন্নাই। এরপর থেকে কপালে জুটেছে শুধুই হার। আজকেও ভাগ্য বদলাল না চেন্নাইয়ের।
