KKRvsSRH: ভয়ঙ্কর ব্যাটিং ব্যর্থতা, অরেঞ্জ আর্মির সামনে অসহায় আত্মসমর্পণ নাইটদের!
IPL 2026 : আজ যেভাবে ভাল শুরু করেও ব্যাটিং ব্যর্থতায় ডুবল কেকেআর, এই ব্যাটিং নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে। কেন সুনীল নারিনের আগে রমনদীপ সিং ? কেন একটু ধৈর্য্য সহকারে খেললেন না নাইটরা ?

কলকাতা : এর আগেও কলকাতায় খেলা হয়েছে। কেকেআর হেরেওছে। কিন্তু, অতি বড় নাইট সমর্থকও মনে করতে পারবেন না যে শেষ কবে নাইট ইনিংসের ১৩ ওভার চলাকালীন মাঠের দর্শকাসনের ৩০% জনগণ বাড়ি ফিরে গেছেন। কেকেআরের তখন ৮ উইকেটে পড়ে গিয়েছে। ধীরেধীরে মাঠ ছাড়তে শুরু করেছেন বাকি সমর্থকরা। ওদিকে ডিজে তখনও চিল্লিয়ে যাচ্ছেন,”আজকের ম্যাচে জিতবে কে ?” অতি বড় নাইট সমর্থকও গলায় জোর দিয়ে বলতে পারবেন না, “কেকেআর”। ১২০ রানে ৪ উইকেট থেকে যেভাবে ৪১ রানের মধ্যে ৬ উইকেট হারাল কেকেআর, একে অসহায় আত্মসমর্পণ ছাড়া আর কিই বা বলা যায় ?
টসে জিতে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান নাইট অধিনায়ক রাহানে। আজ রান পেলেন অভিষেক শর্মা। ২১ বলে ৪৮ করলেন অভিষেক। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন ট্র্যাভিস হেড। ২১ বলে ৪৬ করলেন হেড। আজ রান পেলেন না ঈশান (১৪)। একসময় ১১০/১ থেকে ১১৮/৪ হয়ে গিয়েছিল হায়দরাবাদ। আনুমানিক পঞ্চাশ হাজারি জনগণের ইডেন তখন যেন রক্তের স্বাদ পেয়েছে। সেখান থেকে ম্যাচের হাল ধরলেন হেনরিখ ক্লাসেন। নীতিশ রেড্ডিকে সঙ্গে নিয়ে দলকে বড় রানে পৌঁছে দিলেন ক্লাসেন। রেড্ডি করলেন ৩৯ রান। শেষ ওভারে আউট হওয়ার আগে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করলেন ক্লাসেন (৫২)। ৮ উইকেট হারিয়ে ২২৬ রান করল হায়দরাবাদ। ৪১ রান দিয়ে ৪ উইকেট পেলেন ব্লেসিং মুরাজাবানি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিলেন ফিন অ্যালেন। ডেভিড পেইনের প্রথম ওভারেই ওঠে ২৬ রান। তারপর থেকেই যেন ব্যর্থতা শুরু নাইটদের। অ্যালেন (২৮) জলদিই আউট হয়ে যান। তিনে নেমে অর্ধশতরান করলেন অঙ্গকৃষ রঘুবংশী (৫২)। নিজের ভুলে রান আউট হলেন গ্রিন (২)। নাইটদের হয়ে শেষ চেষ্টা করলেন রিঙ্কু সিং (৩৫)। এরপর থেকে যেন নাইট ইনিংসে শুধুই আঁধার! টানা ব্যর্থ নাইটদের মিডল অর্ডার। ১৬ ওভারেই ১৬১ রানে অল আউট হয়ে যায় কেকেআর। ২২৭ রান তাড়া করতে নেমে ৬৫ রানে হার নাইটদের। ২১ রান দিয়ে ৩ উইকেট পেলেন জয়দেব উনাদকট। ২টি করে উইকেট পেলেন ঈশান মালিঙ্গা ও নীতিশ রেড্ডি। প্রথম ইনিংসে বেগুনি টুপি পেলেন মুরাজাবানি। ম্যাচ শেষের পর তাঁর থেকে বেগুনি টুপি নিয়ে নিলেন উনাদকট।
আজ মাঠে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচের শেষে তাঁকে দেখা গেল হায়দরাবাদের ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে কথা বলতে। কিন্তু আজ যেভাবে ভাল শুরু করেও ব্যাটিং ব্যর্থতায় ডুবল কেকেআর, এই ব্যাটিং নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে। কেন সুনীল নারিনের আগে রমনদীপ সিং ? কেন একটু ধৈর্য্য সহকারে খেললেন না নাইটরা ? দুই ম্যাচের দুটিতেই হেরে প্রবল চাপে থাকবেন অধিনায়ক রাহানে। তাঁর নিজের ব্যাটেও যে রান নেই। নাহলে কলকাতায় ব্যর্থ হলে মালিক শাহরুখ খান যে বাদ দিতে কার্পণ্য করেন না, তা তো আজ মাঠে উপস্থিত একজন সবথেকে ভাল জানেন। কে ? কে আবার, সৌরভ গঙ্গোপাধ্যায় !
