Vaibhav Suryavanshi AI bat : বৈভবের ব্যাটে AI চিপ লাগানো? মুখ খুলল রাজস্থানের ‘বিস্ময় বালক’!
Vaibhav Suryavanshi: আইপিএল ২০২৬ এর শুরু থেকেই দারুন ফর্মে রাজস্থান রয়্যালসের ১৫ বছরের ব্যাটার বৈভব সূর্যবংশী। ইতিমধ্যেই ৯ ম্যাচে করে ফেলেছে ৪০০ রান। তবে সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে পাকিস্তানের ক্রিকেট বিশেষজ্ঞ অভিযোগ করেন, বৈভবের ব্যাটে নাকি AI চিপ লাগানো। এবার সেই বিষয়ে মুখ খুলল বৈভব নিজেই।

কলকাতা : আইপিএলে (IPL 2026) একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে চলেছে ১৫ বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তার একের পর এক দুর্দান্ত ইনিংস দেখে বিতর্কিত মন্তব্য করেছিলেন পাকিস্তানের ক্রিকেট বিশেষজ্ঞ নোমান নিয়াজ (Dr Nauman Niaz)। এবার সেই প্রশ্ন বৈভবকে করা হলে সেই বিষয় স্বীকার করে নিল বৈভব নিজে।
নিয়াজের অভিযোগ ছিল, বৈভব সূর্যবংশীর ব্যাটে নাকি AI চিপ লাগানো রয়েছে। সেই নিয়েই উত্তর দিয়েছে ভারতের এই বিস্ময় বালক। সমাজমাধ্যমে রাজস্থান রয়্যালসের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বৈভবকে প্রশ্ন করা হয়,”সত্যিই কি তোমার ব্যাটে AI চিপ লাগানো আছে ? তুমি কি ঐরকম ব্যাট ব্যবহার করো?” উত্তরে বৈভব বলে,”হ্যাঁ। ঈশ্বর লাগিয়ে দিয়েছেন। উপরেই আমাকে বলেছিলেন, তোমার ব্যাট দাও, একটা জিনিস লাগিয়ে দিচ্ছি। সেই ব্যাটটাই আমি ব্যবহার করি।” অর্থাৎ বৈভব নিয়াজের এই অভিযোগ স্রেফ ফুৎকারে উড়িয়ে দিয়েছে।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলে সেঞ্চুরি করার পরেই নিয়াজ নিজের ইউটিউব চ্যানেলে বলেছিলেন,”কে এই বৈভব? ওর ব্যাট পরীক্ষা করা উচিত। ঠিক যে ভাবে ওয়াডা বা বিশ্ব ডোপ সংস্থা ডোপ পরীক্ষা করে, সেভাবেই বৈভবের ব্যাট পরীক্ষা করা উচিত। আমার মনে হয়, ও ব্যাটে AI চিপ লাগিয়ে খেলে তাই এত সুন্দর ব্যাট করে। অসাধারণ ব্যাটসম্যান!”
আইপিএলে এখনও ৯ ম্যাচে ৪০০ রান করেছে এই ১৫ বছরের বাচ্চা ছেলেটি। ইতিমধ্যেই করে ফেলেছে একটি সেঞ্চুরি। ২০২৫ আইপিএলেও এসেছিল একটি সেঞ্চুরি। তবে যেভাবে নিয়াজের সমালোচনা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে এই বিহারের ছেলেটি, তাতে তার সারল্য নিয়ে মজা করছেন অনেকেই।
