AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2026: মাহিভাইয়ের সঙ্গে এখনও কথা হয়নি…ম্যাচ জিতে অকপট জাদেজা!

Ravindra Jadeja : আইপিএলে জাদেজা মোট রান করেছেন ৩২৬০। উইকেট পেয়েছেন ১৭২টি। গতকাল একটা সময় দেখা গিয়েছিল জাদেজার চোখে জল। এতদিন ধোনির সঙ্গেই ছিলেন 'স্যার' জাদেজা। গতকাল খেললেন ধোনির দলের বিরুদ্ধে। ধোনি না থাকলেও তাঁর পারফরম্যান্সে কোনও ভাঁটা পড়েনি।

IPL 2026: মাহিভাইয়ের সঙ্গে এখনও কথা হয়নি...ম্যাচ জিতে অকপট জাদেজা!
Image Credit: PTI
| Edited By: | Updated on: Mar 31, 2026 | 12:59 PM
Share

কলকাতা : ২০১২ থেকে চেন্নাইয়ের জার্সিতে খেলেছেন রবীন্দ্র জাদেজা। মাঝখানে ২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই ব্যান হয়ে যাওয়ার ফলে খেলেছিলেন গুজরাট লায়ন্স দলে। ২০১৮ সালে আবার চেন্নাইতে ফিরেছিলেন সমর্থকদের পছন্দের ‘জাড্ডু’। তারপর কেটে গিয়েছে প্রায় ৭ বছর। অবশেষে ২০২৬ সালের আইপিএল নিলামে জাদেজাকে ছেড়ে দেয় তাঁর পছন্দের দল সিএসকে। তাঁকে ১৪ কোটি টাকায় কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। সোমবার নিজের প্রাক্তন দলের বিরুদ্ধেই দারুন ফর্মে দেখা গেল তাঁকে। বোলিং করতে এসে শুধু উইকেটই নিলেন না, করলেন ‘গান’ সেলিব্রেশনও।

গতকাল, সোমবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। ম্যাচে প্রথমে ব্যাট করে ১২৭ রানেই অল আউট হয়ে গিয়েছিল চেন্নাই। ৩ ওভার বল করে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন জাদেজা। আউট করেছেন শিবম দুবে ও সরফরাজ খানকে। জবাবে ব্যাট করতে নেমে ১২ ওভারেই ১২৮ রান তুলে দেয় রাজস্থান। ১৭ বলে ৫২ রান করেন বৈভব সূর্যবংশী। শিবমকে আউট করে গান (বন্দুক) সেলিব্রেশন করতে দেখা যায়। যে দৃশ্য নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া। কেউ কেউ বলছেন,”নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে উইকেট নিয়ে সেলিব্রেশন করার কোনও প্রয়োজন ছিল কী?” আবার কারও মতে, জাদেজার সেলিব্রেশন সম্পূর্ণ বৈধ।

নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে খেলার আগে কি ধোনির সঙ্গে কথা হয়েছিল জাদেজার ? ম্যাচের পর টিভি সম্প্রচারকারী সংস্থাকে ইন্টারভিউ দেওয়ার সময় জাদেজা বললেন,”না। মাহি ভাইয়ের সঙ্গে আমার কথা হয়নি। উনি ফোন বেশিরভাগ সময় মোবাইল বন্ধ রাখেন। তবে আমি যখনই ওনার সঙ্গে দেখা করব, কথা বলব। অনেক কথা আছে।” জাদেজার এই কথায় বোঝা যায়, তাঁর সঙ্গে ধোনির সম্পর্ক কতটা আন্তরিক।

আগের দিনই জাদেজা বলেছিলেন,”আমার মনে হয় আমাকে গোলাপি রংয়ে ভাল লাগে।” তাঁর কথায়,”শিবম দুবে ও সরফরাজ খানকে আউট করাটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ওরা সেই সময় টিকে গেলে ম্যাচ আমাদের নাগালের বাইরে চলে যেত।” জাদেজা ম্যাচ প্রসঙ্গে আরও বললেন,”আমি অনেকদিন ধরে শিবমকে চিনি। জানি ও বড় শট খেলতে চাইবে। তাই অফ স্টাম্পের বাইরে বল করার চেষ্টা করেছি। পিচ যথেষ্ট স্লো ছিল কিন্তু বলও ঘুরছিল। আমার কাজ ছিল ঠিকঠাক বল করা, বাকি কাজ পিচ করেছে।”

আইপিএলে জাদেজা মোট রান করেছেন ৩২৬০। উইকেট পেয়েছেন ১৭২টি। গতকাল একটা সময় দেখা গিয়েছিল জাদেজার চোখে জল। এতদিন ধোনির সঙ্গেই ছিলেন ‘স্যার’ জাদেজা। গতকাল খেললেন ধোনির দলের বিরুদ্ধে। ধোনি না থাকলেও তাঁর পারফরম্যান্সে কোনও ভাঁটা পড়েনি। ম্যাচের পরে বর্তমান সিএসকে ক্রিকেটার খলিল আহমেদের চেন্নাই জার্সির লোগোতে চুমু খেতেও দেখা গিয়েছিল তাঁকে। প্রাক্তন দলকে ভুলে জাদেজার সম্পূর্ণ মনোযোগ এখন রাজস্থানেই।

Follow Us