IND vs PAK: কলম্বোতে চরম উত্তেজনা, আলাদা আলাদা অনুশীলনে ভারত ও পাকিস্তান
অতীতে পাকিস্তানের বিরুদ্ধে বোলিংয়ে ভালো রেকর্ড রয়েছে অর্শদীপ ও হার্দিকের। শ্রীলঙ্কার পিচ সাধারণত স্পিন সহায়ক হয়। তাই স্পিনার বরুণ চক্রবর্তী এই ম্যাচে বড় ভূমিকা নিতে পারেন বলে মনে করা হচ্ছে। কলম্বোর পিচের জন্য বাড়তি কোনও স্পিনারকে খেলানো হবে কিনা, তা নিয়েও রয়েছে চর্চা। পাকিস্তানও স্পিন নির্ভর বোলিং নিয়ে ভারতের বিরুদ্ধে নামতে পারে।

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ম্যাচের অপেক্ষায় সারা দুনিয়া। রবিবার সন্ধেয় কলম্বোতে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান ক্রিকেট দল। বহু প্রতীক্ষিত এই ম্যাচের আগে দুই দলই আলাদা ভাবে অনুশীলন করছে বলে জানিয়েছে আইসিসি। আইসিসির সূচি অনুযায়ী, পাকিস্তান দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত কলম্বোর স্টেডিয়ামে অনুশীলন করবে। তার ঠিক আগে সাংবাদিক বৈঠক করবেন পাকিস্তান। অন্য দিকে ভারতীয় দল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুশীলনে নামবে। প্র্যাক্টিসে নামার আগে বিকেল নাগাদ সংবাদিকদের মুখোমুখি হবেন সূর্যকুমার যাদব।
শুক্রবার কলম্বো পৌঁছে ভারতীয় দল রাজকীয় অভ্যর্থনা পেয়েছে। বিমানবন্দরে নৃত্যশিল্পী ও ঢাকের তালে তাঁদেরকে স্বাগত জানানো হয়েছে। সেই মুহূর্তে অর্শদীপ সিংয়ের ভাঙড়া নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে দলের হেড কোচ গৌতম গম্ভীরকে দেখা যায় গম্ভীর মেজাজেই। ব্যাটিংয়ে ভারতীয় টিম ভরসা ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং ও তিলক ভর্মা। সুস্থ হয়ে অভিষেক শর্মা দলে ফিরলে তাঁর উপরও নজর রাখবে দলের। তিনি খেলতে না পারলে ওপেনিংয়ে দেখা যেতে পারে সঞ্জু স্যামসনকে।
অতীতে পাকিস্তানের বিরুদ্ধে বোলিংয়ে ভালো রেকর্ড রয়েছে অর্শদীপ ও হার্দিকের। শ্রীলঙ্কার পিচ সাধারণত স্পিন সহায়ক হয়। তাই স্পিনার বরুণ চক্রবর্তী এই ম্যাচে বড় ভূমিকা নিতে পারেন বলে মনে করা হচ্ছে। কলম্বোর পিচের জন্য বাড়তি কোনও স্পিনারকে খেলানো হবে কিনা, তা নিয়েও রয়েছে চর্চা। পাকিস্তানও স্পিন নির্ভর বোলিং নিয়ে ভারতের বিরুদ্ধে নামতে পারে। সব মিলিয়ে আলাদা ভাবে দুই টিমেই চলছে জোরকদমে শেষবেলার অনুশীলন ও প্রস্তুতি।
