FIFA World Cup 2026, Norway: কোয়ার্টার ফাইনালের আগে বড় সিদ্ধান্ত, হঠাৎ হোটেল বদল করল হাল্যান্ডের নরওয়ে!
Norway Football Team: নরওয়ে প্রায় ছয় সপ্তাহ ধরে আমেরিকায় রয়েছে ও আরও এক সপ্তাহ মিয়ামিতে থাকবে। তাই খেলোয়াড়দের মানসিক স্বস্তি ও ভাল পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিফাও হোটেল বদল করার অনুমতি দিয়েছে। ম্যাচের আগে তেতে রয়েছেন আর্লিং হাল্যান্ডও।

আমেরিকা : ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে হঠাৎ হোটেল বদল করল নরওয়ে ফুটবল দল। মিয়ামির ফোট লডারডেলের পাঁচতারা দ্য ডালমার হোটেল ছেড়ে অন্য হোটেলে চলে গিয়েছে দলটি। খেলায়াড়দের অসুস্থতা, বিশ্রামে ব্যাঘাত ও একাধিক পরিকাঠামোগত সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, হোটেলের পাশেই চলছিল নির্মাণকাজ। সেই সঙ্গে ছিল প্রচন্ড যানজট ও গাড়ির আওয়াজ। সেই শব্দে সারাক্ষণ বিরক্ত হচ্ছিলেন খেলোয়াড়রা। নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ড জানান,“কিছু বিষয় আরও ভাল হতে পারত। আমরা সেই সমস্যার সমাধান করছি, যাতে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের ভালভাবে প্রস্তুত করতে পারি।”
দলের লজিস্টিকস ম্যানেজার ট্রুলস ডাহলি বলেন,“হোটেল বদলানো সহজ নয়। তবে নতুন হোটেল নিয়ে আমরা সন্তুষ্ট। সবচেয়ে বড় কথা, খেলোয়াড়রাই এই বদল চেয়েছিল। আমাদের সাপোর্ট স্টাফ মাত্র আড়াই ঘন্টায় পুরো দলকে নতুন হোটেলে নিয়ে গিয়েছে।”
তিনি আরও জানান, নরওয়ে প্রায় ছয় সপ্তাহ ধরে আমেরিকায় রয়েছে ও আরও এক সপ্তাহ মিয়ামিতে থাকবে। তাই খেলোয়াড়দের মানসিক স্বস্তি ও ভাল পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিফাও হোটেল বদল করার অনুমতি দিয়েছে।
এর পাশাপাশি, শোনা গিয়েছিল দলের অনেক ফুটবলার অসুস্থ। সেই খবর উড়িয়ে দিয়ে কোচ স্ট্যালে সোলবাকেন বলেছেন, শুধুমাত্র দলের ম্যানুয়াল থেরাপিস্ট টমাস ওডেগার্ড অসুস্থ ছিলেন। এছাড়া ডিফেন্ডার মার্কাস হোমিগ্রেন পেডারসেন আগে ম্যাচের আগে সামান্য অসুস্থ বোধ করলেও এখন সুস্থ। উল্লেখ্য, শেষ ষোলোর ম্যাচে আরলিং হাল্যান্ডের জোড়া গোলে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচ শেষে হাল্যান্ড বলেন,“আমি সুযোগ পেলে গোল করতে পারি। তাই সবসময় নিজেকে বলি সুযোগ আসবেই। নরওয়ের হয়ে খেলার থেকে বড় গর্বের কথা কিছু নেই।”
