Pakistan Cricket Team: ফিল্ডিং কোচ চেয়ে লিঙ্কডইনে পোস্ট পিসিবির, দেখুন কারা কারা অ্যাপ্লাই করছে!
PCB: সবথেকে সেরা কাণ্ড ঘটিয়েছেন একজন সোশ্যাল মিডিয়া ইউজার। তিনি একটি সিভি বানিয়েছেন, যা সম্পূর্ণ মজার ছলে বানানো হয়েছে। সেখানে লেখা, 'ভাই, বল কই গেল' থেকে আক্ষরিক অর্থে ক্যাচ ধরার ৮ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে। এর পাশাপাশি সবাই পাকিস্তান ক্রিকেট নিয়ে আবার ট্রোলে বিদ্ধ করছেন।

করাচি : পাকিস্তান মানেই যেন নিত্যনতুন ঠাট্টা। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ১৯৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। এরপর থেকেই শুরু হয়েছে নাটক। প্রথমে দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ ও ব্যাটিং কোচ উমর গুলকে সরিয়ে দিয়েছে পাকিস্তান। এর পাশাপাশি সরানো হয়েছে ৭ জন ক্রিকেটারকেও। আগেই শোনা গিয়েছিল পাক ব্যাটার ইমাম-উল-হককে নিয়ে তদন্ত হবে কারণ তাঁর বিরুদ্ধে চোটের নাটক করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এর মধ্যেই একটি বিশেষ কারণে আবার চর্চায় পাকিস্তান।
দেখা গিয়েছে, এবার লিঙ্কডইন নামক জনপ্রিয় চাকরি খোঁজার ওয়েবসাইটে দলের ফিল্ডিং কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে পাক বোর্ড। কী কী চাওয়া হয়েছে সেই বিজ্ঞাপনে? ১) কোচিং করানোর জন্য লেভেল ২ ডিগ্রি ও ২) আন্তর্জাতিক বা প্রথম সারির কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে ৫ বছরের কাজের অভিজ্ঞতা। এরপরেই শুরু হয়েছে নানারকম রসিকতা। পাকিস্তান দলের এত খারাপ অবস্থা যে শেষে লিঙ্কডইনে চাকরির বিজ্ঞাপন দিতে হচ্ছে?

এরপরেই সোশ্যাল মিডিয়াতে একাধিক নেটিজেন এই বিষয়ে নানা কমেন্ট করছেন। একজন বলেছেন, “পাকিস্তান দলের অন্তর্বর্তী নিয়োগের এত খারাপ অবস্থা, যে সিভি সব শেষ হয়ে গেল?” একজন আবার বলেছেন, “আবেদন করেই ফেলি, কে জানে কী হয়। (যদিও গত ১৩ বছর ধরে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে কাজ করছি।)” আরেকজন লেখেন, “আমি আগ্রহী। সম্প্রতি আমিও দুটো ক্যাচ ফেলেছি।”
সবথেকে সেরা কাণ্ড ঘটিয়েছেন একজন সোশ্যাল মিডিয়া ইউজার। তিনি একটি সিভি বানিয়েছেন, যা সম্পূর্ণ মজার ছলে বানানো হয়েছে। সেখানে লেখা, ‘ভাই, বল কই গেল’ থেকে আক্ষরিক অর্থে ক্যাচ ধরার ৮ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে। এমনকি প্রতি ক্যাচ ড্রপে কত অজুহাতের সংখ্যাও বলা আছে। আবার ক্যাচ ফেলার পর মুখের কী অভিব্যক্তি করতে হবে, সেটাও জানেন ওই ইউজার।

তবে মজার বিষয় ছিল, ফিল্ডিং কোচের পদটি আসলে কোনও শূন্যপদ নয়। শেন ম্যাকডারমট জুলাই মাসে পদত্যাগ করার পর কোনও ফিল্ডিং কোচ এই মুহূর্তে পাক দলে নেই। সেই পদ পূরণ করতেই পিসিবি এই বিজ্ঞাপন দিয়েছে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোল-মিমে বিদ্ধ হয়েছে পাক বোর্ড।
