Vinesh Phogat : অলিম্পিকের পর আবার স্বপ্নভঙ্গ , এশিয়ান গেমসে ফেরার লড়াইয়ে বড় ধাক্কা বিনেশের!
Asian Games 2026 : অতীতে ২০২৪ সালে অলিম্পিকে তিনি ৫০ কেজির কুস্তি বিভাগে অংশগ্রহণ করেছিলেন এবং পরপর ৩ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিলেন। কিন্তু ম্যাচের ঠিক আগে ওজন মাপার সময় দেখা যায়, নির্ধারিত ওজনের থেকে তাঁর ওজন বেশি মাত্র ১০০ গ্রাম (৫০.১ কেজি)। UWW-এর নিয়ম অনুযায়ী, তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়।

কলকাতা : আবার স্বপ্নভঙ্গ বিনেশ ফোগটের (Vinesh Phogat)। ঠিক যেমন হয়েছিল ২০২৪ অলিম্পিক গেমসে (2024 Olympic Games), ঠিক সেভাবে আবার বিনেশ ডিসকোয়ালিফাই হলেন। তবে, এবার কারণ আলাদা। ১৮ মাস পর আবার কুস্তিতে ফেরার জন্য লড়াই করছিলেন তিনি। এশিয়ান গেমসে (Asian Games) নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বিনেশ, কিন্তু আবার ধাক্কা খেল তাঁর প্রত্যাবর্তন। এশিয়ান গেমসের জন্য ট্রায়ালেই নামতে পারবেন না তিনি, জানিয়ে দিয়েছে ভারতীয় কুস্তি সংস্থা (Indian Wrestling Federation)।
দিন কয়েক আগেই ডোপ পরীক্ষা না দেওয়ায় বিনেশকে সতর্কবার্তা দিয়েছিল কুস্তি ফেডারেশন। গত বছরের ১৮ ডিসেম্বর ডোপিং নিয়ন্ত্রণ সংস্থার কর্তারা বেঙ্গালুরু গিয়ে এক ঘন্টা অপেক্ষা করলেও বিনেশকে পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী, ডোপ পরীক্ষার আগে প্রত্যেক ক্রীড়াবিদকে প্রতিদিন এক ঘন্টার একটি ‘স্লট’ ফাঁকা রাখতে হয়, এবং সেই সময়ের কথা জানাতে হয় ডোপ সংস্থাকে। যেকোনও দিন পরীক্ষা হতে পারে। কিন্তু বিনেশকে যে পাওয়া যায়নি, সেটাই সংস্থাকে জানানো হয়েছিল। এরপরেই বিনেশকে এর পক্ষে যুক্তি দিতে বললে তিনি ১৯ জানুয়ারি বলেছিলেন, হরিয়ানা বিধানসভার শীতকালীন সভায় যোগ দেওয়ার জন্য চণ্ডীগড় গিয়েছিলেন তিনি। এর পাশাপাশি, তাঁকে সন্তানের দেখভাল করতেও বাড়ি যেতে হয়েছিল। দুইয়ের কোনো উত্তরেই সন্তুষ্ট হয়নি ইন্টারন্যাশনাল টেস্টিং ফেডারেশন বা আইটিএ। তাদের দাবি ছিল, নিজের সময় ও অবস্থান সম্পর্কে আইটিএ-কে জানানোটা প্রত্যেক খেলোয়াড়ের কর্তব্য। আরও একবার একই ঘটনা ঘটলে তাঁকে নির্বাসিত করা হবে।
তবে এবার ভারতীয় কুস্তি সংস্থার নিয়মের ফাঁসে আটকে গেল বিনেশের প্রত্যাবর্তনের স্বপ্ন। নিয়মে রয়েছে, এশিয়ান গেমসের ট্রায়ালে সুযোগ পেতে সবার প্রথমে খেলতে হবে ওপেন র্যাঙ্কিং প্রতিযোগিতায়। কিন্তু যে কেউ এই টুর্নামেন্টে নামতে পারবেন না। তার জন্য তাঁকে ২০২৫ কুস্তির প্রতিযোগিতা বা ২০২৬ ফেডারেশন কাপ বা অনুর্ধ্ব ২০ জাতীয় প্রতিযোগিতাতে পদক জিততে হবে। সুতরাং, অপেক্ষা আরও বাড়ল এই সোনার মেয়ের।
অতীতে ২০২৪ সালে অলিম্পিকে তিনি ৫০ কেজির কুস্তি বিভাগে অংশগ্রহণ করেছিলেন এবং পরপর ৩ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিলেন। কুস্তির নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতার দিন ও আগের দিন সকালে প্রত্যেক প্রতিযোগীর ওজন পরীক্ষা বাধ্যতামূলক। সেখানেই জানা যায় তাঁর ওজন নির্ধারিত ৫০ কেজির থেকে প্রায় ২ ৭ কেজি বেশি। এরপরেই কঠোর পরিশ্রম শুরু করেন বিনেশ। সারারাত না ঘুমিয়ে অনবরত শরীরচর্চা, সাইক্লিং ও স্কিপিং করেছিলেন, শরীর থেকে জল বের করার জন্য তিনি স্টিম বাথও নেন। এমনকি এও শোনা গিয়েছিল, তিনি চুল কেটে ফেলেন ও শরীর থেকে রক্ত বের করার চেষ্টা করেন। ফাইনাল ম্যাচের ঠিক আগে ওজন মাপার সময় দেখা যায়, নির্ধারিত ওজনের থেকে তাঁর ওজন বেশি মাত্র ১০০ গ্রাম (৫০.১ কেজি)। ইউডব্লিউডব্লিউ (UWW)-এর নিয়ম অনুযায়ী, তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়। এর পরেই প্রচুর বিতর্ক হয় এই ঘটনা নিয়ে কিন্তু ২ বছরের মধ্যেই আবার বিনেশের বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই চর্চা চলছে।
