Ratna Debnath: ‘রত্না দেবনাথ অপরিণত কথা বলছেন’, মন্তব্য অর্জুনের, একই সুর দিলীপের গলায়
Arjun Singh, Dilip Ghosh on Ratna Debnath: পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের কথায়, আবেগতাড়িত হয়ে অপরিণত কথা বলছেন রত্না দেবনাথ। এই বিষয়ে বলেন, "ওখানকার বিধায়ক রত্না দেবনাথ অপরিণত কথা বলছেন। আবেগে কথা বলছেন। আমার মনে হয়, এই ধরনের কথা না বলাই ভালো। প্রশাসনের উপর বিশ্বাস রাখা উচিত। কেউ যদি খুন করে থাকে, তাহলে প্রশাসনের গ্রেফতার করা উচিত। গ্রেফতার হয়েছেও।"

অনন্ত চট্টোপাধ্যায় ও দেবব্রত সরকারের রিপোর্ট
পানিহাটি: পানিহাটিতে বিজেপি কর্মীর (Panihati BJP Leader Death) খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। এরই মধ্যে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের (Ratna Debnath) একটি মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে। মৃত কর্মীর বাড়িতে গিয়ে কাঁদতে কাঁদতে তাঁকে বলতে শোনা গিয়েছে,’বিজেপি (BJP) ক্ষমতায় না এলে হয়তো ভালোই হত’। রত্নার এই বিস্ফোরক মন্তব্যের এবার সমালোচনা করলেন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। মুখ খুলেছেন দিলীপ ঘোষও (Dilip Ghosh)।
কী বলছেন অর্জুন সিং ও দিলীপ ঘোষ?
পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের কথায়, আবেগতাড়িত হয়ে অপরিণত কথা বলছেন রত্না দেবনাথ। এই বিষয়ে বলেন, “ওখানকার বিধায়ক রত্না দেবনাথ অপরিণত কথা বলছেন। আবেগে কথা বলছেন। আমার মনে হয়, এই ধরনের কথা না বলাই ভালো। প্রশাসনের উপর বিশ্বাস রাখা উচিত। কেউ যদি খুন করে থাকে, তাহলে প্রশাসনের গ্রেফতার করা উচিত। গ্রেফতার হয়েছেও।”
একই সুর দিলীপের বক্তব্যেও। তাঁর মতে, বিধায়কের বিষয়টি ঠিক জায়গায় বলা উচিত। পঞ্চায়েত মন্ত্রী বলেন, “কোথাও সমস্যা থাকলে, সেটা পার্টির লোকেরা দেখবেন। ওঁরও ঠিক জায়গায় বলা উচিত। প্রেস মিডিয়ায় বললে কোনও সমাধান হয় না। সমস্যা তৈরি হয়। সমাধান পার্টির তরফ থেকে করা উচিত। খোঁজ নেওয়া উচিৎ। দেখা উচিৎ যে কোথায় সমস্যা রয়েছে।
পানিহাটিতে বিজেপি কর্মী ‘খুন’
গত শনিবার পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহার উদ্যোগে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছিল। অভিযোগ, সেই প্রতিবাদ করার পরই দলেরই কয়েকজন কর্মী বিজেপি নেত্রী রুমা সাহাকে প্রকাশ্যে গালিগালাজ করেন। স্ত্রীর প্রতি এই অপমানের প্রতিবাদ করতে এগিয়ে আসেন তাঁর স্বামী তথা সক্রিয় বিজেপি কর্মী অরূপ সাহা। অভিযোগ, সেই সময় তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এই ঘটনার পরই অসুস্থ হয়ে পড়েন অরূপ। দ্রুত তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষরক্ষা হয়নি।
ঠিক কী বলেছিলেন রত্না দেবনাথ?
রবিবারই মৃত কর্মীর বাড়িতে গিয়েছিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে হাউ হাউ করে কাঁদতে থাকেন তিনি। মৃত কর্মীর সন্তানদের দিকে তাকিয়ে আক্ষেপের সুরে বলেন,পরিস্থিতি দেখে মনে হচ্ছে, “বিজেপি ক্ষমতায় না এলেই ভালো হতো। তাহলে হয়তো এভাবে প্রাণ হারাতে হত না অরূপকে।”
