TMC Leader Arrested: বিজেপির পরিবর্তন যাত্রায় ঝামেলা পাকানোর উদ্দেশ্যে বোমা-অস্ত্র মজুতের অভিযোগ, গ্রেফতার ২ তৃণমূল নেতা
TMC in Bankura: বিজেপির পরিবর্তন যাত্রার দিন হাটকৃষ্ণনগর এলাকায় বোমা সহ অস্ত্র জড়ো করে গন্ডগোল পাকানোর চেষ্টার অভিযোগে পাত্রসায়ের থেকে দুই তৃনমূল নেতা গ্রেফতার। তোলা হল বিষ্ণুপুর মহকুমা আদালতে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চলছে চাপানউতোর।

বাঁকুড়া: নতুন সরকারের যাত্রা শুরু হতেই রীতিমতো অ্যাকশন মোডে পুলিশ। এবার বাঁকুড়ার পাত্রসায়ের থানার হাটকৃষ্ণনগর এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রায় ঝামেলা পাকানোর উদ্দেশ্যে বোমা ও অন্যান্য অস্ত্র মজুত করার ঘটনায় দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করল পাত্রসায়ের থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে স্বভাবতই জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।
গত ১০ মার্চ বিজেপির পরিবর্তন যাত্রার দিন স্থানীয় কাঁকরডাঙ্গা এলাকায় পৃথক একটি মারধোরের ঘটনার তদন্তে গিয়ে হাটকৃষ্ণনগর এলাকার একটি সবজি আড়তের পাশ থেকে বেশ কিছু তাজা বোমা, লাঠি ও পাথর উদ্ধার করে পাত্রসায়ের থানার পুলিশ। সেই ঘটনাতেই নাম জড়িয়ে যায় তৃণমূলের যুব সংগঠনের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মিলন কড়ি ও তৃণমূলের কুশদ্বীপ অঞ্চলের অঞ্চল সভাপতি শাহজাহান মিদ্দার। এ ঘটনায় ভোটে হারের পর স্বভাবতই আরও অস্বস্তি বাড়তে থাকে রাজ্যের পুরনো শাসকদলের।
শুক্রবার ওই দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পাত্রসায়ের থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯/২, ২৮৮, ৩২৬ ( বি), ৪৯, ৬১(বি), ৯বি(১) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। এলাকার বিজেপি নেতাদের দাবি, শুধু এই দুজন ছাড়াও আরও অনেকেই রয়েছেন। দিনের পর দিন তাঁরা বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছেন। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলছেন, “শুধু এরা দু’জন নয়, আরও লোক গ্রেফতার হবে। বিভিন্ন সময় বিজেপির কর্মীদের হুমকি দিয়েছে, ভোট করতে দেয়নি। ওদের জন্য আলাদা জায়গা আছে। সেখানেই পাঠানো হচ্ছে।”
