Howrah: খরা কাটাচ্ছে বাংলা, প্রায় ৭০০ কোটির বিনিয়োগ, প্রতিদিন ১০ লক্ষ কেজির উৎপাদন, প্রয়োজন প্রচুর লোকবলের! হাওড়ায় বিপুল কর্মসংস্থান
Amul Bangla Dairy Project Howrah: এই প্রকল্পে আমুলের মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকা। উদ্বোধনের পর এটি বিশ্বের সর্ববৃহৎ দই ও ডেয়ারি পণ্য উৎপাদন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই উৎপাদন কেন্দ্রে প্রতিদিন গড়ে ৩০ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে।

হাওড়া: হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে করছে ‘আমূলে’র বিশ্বমানের ডেয়ারি প্রকল্প ‘আমূল বাংলা ডেয়ারি’। রবিবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি এই মেগা প্রকল্পের ভূমি পুজো অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাঁকরাইলের ফুড পার্ক চত্বরে সাজো সাজো রব লক্ষ্য করা যাচ্ছে।
এই প্রকল্পে আমুলের মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকা। উদ্বোধনের পর এটি বিশ্বের সর্ববৃহৎ দই ও ডেয়ারি পণ্য উৎপাদন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই উৎপাদন কেন্দ্রে প্রতিদিন গড়ে ৩০ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে। এর পাশাপাশি দৈনিক ১০ লক্ষ কিলোগ্রাম দই এবং বিপুল পরিমাণ অন্যান্য দুগ্ধজাত পণ্য উৎপাদিত হবে এই কারখানায়।
শিল্প মহলের মতে, হাওড়ার এই মেগা ডেয়ারি প্রকল্প গ্রামীণ অর্থনীতিতে বড়সড় জোয়ার আনবে। বিপুল পরিমাণ দুগ্ধজাত পণ্য উৎপাদনের ফলে একদিকে যেমন রাজ্যের দুগ্ধচাষিরা আর্থিকভাবে লাভবান হবেন, অন্যদিকে তেমনই এই বিশাল উৎপাদন কেন্দ্রকে কেন্দ্র করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সব মিলিয়ে, বাংলার বুকে এই প্রকল্প দুগ্ধ শিল্পের বিকাশে এক নতুন দিগন্তের সূচনা করতে চলেছে। ইতিমধ্যেই হুগলির ডানকুনিতে লাক্স কোজি বড়সড় বিনিয়োগ করেছে। দিনকয়েক আগে বাঁকুড়ার মেজিয়ায় প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। আর এবার হাওড়ায় আমূলের দই কারখানার রূপরেখা তৈরি হল।
