Appellate Tribunal: দিনে ৩০-৪০ টা SIR শুনানি! এভাবে চললে কতদিন লাগবে? সুপ্রিম কোর্টে উঠল মামলা
SIR Appellate Tribunal: অধীরের অভিযোগ, কোনওরকম শুনানির সুযোগ না দিয়েই, সামান্য সাধারণ ভুলের অজুহাতে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই প্রায় ৫ লক্ষ ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে। তাঁর দাবি, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করার এই গতি আরও মন্থর হয়েছে।

মুর্শিদাবাদ: পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) ২০২৬ প্রক্রিয়ার আড়ালে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম খামখেয়ালিভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অধীর রঞ্জন চৌধুরী। তিনি আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি।
অধীরের অভিযোগ, কোনওরকম শুনানির সুযোগ না দিয়েই, সামান্য সাধারণ ভুলের অজুহাতে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই প্রায় ৫ লক্ষ ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে। তাঁর দাবি, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করার এই গতি আরও মন্থর হয়েছে। বর্তমানে মুর্শিদাবাদে মাত্র দুটি ট্রাইব্যুনালে দৈনিক ৩০-৫০টি মামলার শুনানি হচ্ছে বলে দাবি অধীরের। তাঁর বক্তব্য, এই মন্থর গতিতে চললে জমে থাকা মামলার পাহাড় শেষ হতে অন্তত ৪ থেকে ৫ বছর সময় লেগে যাবে। এর ফলে ভোটার তালিকা থেকে বাদ পড়া বহু দরিদ্র মানুষ বিভিন্ন সামাজিক ও সরকারি অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন।
আদালতের দৃষ্টি আকর্ষণ করে অধীরের মূল দাবি, মুর্শিদাবাদ ও মালদার মতো ক্ষতিগ্রস্ত এলাকায় অবিলম্বে ব্লক-ভিত্তিক আপিল ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত শুনানির ব্যবস্থা করা হোক। মামলার চাপ সামলাতে পর্যাপ্ত কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগের পাশাপাশি কজলিস্ট ও রায়ের কপি দেখার জন্য একটি স্বচ্ছ ডিজিটাল পোর্টাল চালুর দাবি জানানো হয়েছে। একইসঙ্গে, আপিল প্রক্রিয়াধীন থাকা অবস্থায় যাতে কোনও নাগরিকের সরকারি সুযোগ-সুবিধা বন্ধ না হয়, তা নিশ্চিত করার আর্জি জানানো হয়েছে।
