Kaustav Bagchi Campaign: ‘BJP-কে ভোট দেবেন’, কৌস্তভ বলতেই মহিলা TMC কর্মী বললেন, ‘জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা দেখছেন, তাঁর সঙ্গেই থাকব’
ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন,"বিজেপির প্রার্থীর আচরণ খুব খারাপ। ভোটের আগেই যদি উনি এমন ব্যবহার করেন মহিলাদের সঙ্গে তাহলে উনি যদি জেতেন তাহলে কেমন ব্যবহার করবেন তা ব্যারাকপুরের মানুষ বুঝতে পারছেন।"

ব্যারাকপুর: ভোট চাইতে গিয়ে মহিলা তৃণমূল কর্মীর সঙ্গে বচসায় জড়ালেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। বিজেপি প্রার্থী ভোট চাইতে গিয়েছিলেন বাড়ি-বাড়ি। তখনই মহিলা তৃণমূল কর্মী প্রশ্ন করেন, কেন বিজেপিকে ভোট দেবেন? তারপরই দু’জনে মিলে বচসায় জড়িয়ে পড়েন। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো।
ঘটনার সূত্রপাত ব্যারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী ব্যারাকপুর বিধানসভার ২৪ নম্বর ওয়ার্ডের শঙ্খ বণিক এলাকায় বাড়ি বাড়ি প্রচারে যান। সেই সময় একটি কারখানায় ঢোকেন তিনি। তখনই এক মহিলা বলেন,”আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেব। বিজেপি কে কেন ভোট দেব? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা দেখছেন। আমরা মমতার সঙ্গেই থাকব।”
পরে কৌস্তভ হাতজোড় করে মহিলাকে বোঝান। কিন্তু তর্ক করতে থাকেন ওই মহিলা তৃণমূল কর্মী। অন্তত ভিডিয়োতে তেমনটাই লক্ষ্য করা যায়। কৌস্তভ বলেন, “আমি ওঁকে বলেছি বিজেপিকে ভোট দেবেন। তখন উনি বললেন, “না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে উপকৃত।” আমি পাল্টা বললাম, “নিশ্চয় মমতাকে ভোট দেবেন। কিন্তু বাড়িতে যখন কেউ আসেন তখন কি এইভাবে বলা উচিত? আমার বাড়িতেও তৃণমূলের ভোটের প্রচারে লোকজন আসবে। আমি তখন তাঁকে এই কথাটা বলব? ছোট ভাই হিসাবে এটা মনে রাখতে বললাম। আর ওঁর কথা আমিও মনে রাখলাম।” তবে কৌস্তভের বিরুদ্ধে মহিলা টিটাগর থানায় অভিযোগ দায়ের করেন।
ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন,”বিজেপির প্রার্থীর আচরণ খুব খারাপ। ভোটের আগেই যদি উনি এমন ব্যবহার করেন মহিলাদের সঙ্গে তাহলে উনি যদি জেতেন তাহলে কেমন ব্যবহার করবেন তা ব্যারাকপুরের মানুষ বুঝতে পারছেন।”
