RG Kar Case: ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর আস্থা রয়েছে’, শ্বশুরকে থানায় দেখতে এসে বললেন নির্মল ঘোষের বউমা
Nirmal Ghosh: এ দিন থানা থেকে বেরোনোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেজো বউমা দীপান্বিতা ঘোষ। তিনি বলেন, "আমাদের আইনের প্রতি আস্থা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপরেও আস্থা রয়েছে। উনি নিশ্চয়ই সব দিকটা খতিয়ে দেখবেন।" বর্তমানে আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে তিনি জানিয়েছেন।

বিশেষ সংবাদদাতা: আরজি কর কাণ্ডে গ্রেফতার হয়েছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ওড়িশা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে দেখতে শুক্রবার খড়দহ থানায় যান তাঁর পরিবারের সদস্যরা। শুক্রবার থানায় যান নির্মলের বড় কন্যা ছন্দা ঘোষ এবং মেজো বউমা দীপান্বিতা ঘোষ। এবার নির্মল ঘোষেরও পরিবার আইনি লড়াইয়ের পথে হাঁটতে চলেছেন বলে জানান প্রাক্তন বিধায়কের মেজো বউমা।
এ দিন থানা থেকে বেরোনোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেজো বউমা দীপান্বিতা ঘোষ। তিনি বলেন, “আমাদের আইনের প্রতি আস্থা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপরেও আস্থা রয়েছে। উনি নিশ্চয়ই সব দিকটা খতিয়ে দেখবেন।” বর্তমানে আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পর প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে ১০ অগস্ট খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিলোত্তমার বাবা। তাঁর অভিযোগ, ঘটনার পর দ্রুত তড়িঘড়ি করে তাঁর মেয়ের দেহ শ্মাশানে নিয়ে গিয়ে সৎকার করা হয়। পরিবারের সদস্যদের সেখানে হস্তক্ষেপ করতেই দেননি বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে প্রমাণ লোপাটেরও অভিযোগ ওঠে। এ কয়েকদিন ফেরার ছিলেন নির্মল ঘোষ। ওড়িশার সম্বলপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ৯ অগস্ট শ্মশানে ঠিক কী হয়েছিল, সেটা পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিলোত্তমার একেবারে প্রতিবেশী কথা এলাকার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কেও। নির্মল ও সঞ্জীবকে আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
