Bardhaman Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছিল সরকারি হাসপাতাল
অগ্নিকাণ্ডের জেরে নার্সিংহোমে ভর্তি রোগীদের দ্রুত অন্যত্র স্থানান্তরিত করা হয়। রোগীদের নিরাপদে সরিয়ে নিতে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। পরিজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ স্পষ্ট না হলেও, দমকল ও পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।

বর্ধমান: বর্ধমানে নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ড। আতঙ্কে রোগী ও তাঁর পরিজনরা। পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত অন্নপূর্ণা নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সোমবার হঠাৎ করেই নার্সিংহোমে আগুন লেগে যায়। এর জেরে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী, চিকিৎসক এবং পরিজনদের মধ্যে। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দমকলকর্মীরা। আগুন নেভানোর সময় এক দমকলকর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
অগ্নিকাণ্ডের জেরে নার্সিংহোমে ভর্তি রোগীদের দ্রুত অন্যত্র স্থানান্তরিত করা হয়। রোগীদের নিরাপদে সরিয়ে নিতে হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। পরিজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ স্পষ্ট না হলেও, দমকল ও পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। শর্ট সার্কিট না কি অন্য কোনও কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন এবং ঘটনাস্থলের আশেপাশে ভিড় জমে যায়।
এক রোগীর আত্মীয় বলেন, “আমরা তখন আইসিইউ রুমে ছিলাম। রোগীকে খাওয়ানোর পর হঠাৎ করে দেখছি ধোঁয়া বেরচ্ছিল। সঙ্গে-সঙ্গে লোকরা বলেন বাইরে চলে যাও। আইসিইউতে অনেক রোগী ছিলেন। কীভাবে আগুন লেগেছে জানি না। রোগীদের বের করে দিয়েছিল। কারও কোনও ক্ষতি হয়নি। তাঁরা সকলেই সুস্থ রয়েছেন।”
