AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: সাতসকালে গঙ্গাসাগরে বিজেপি কর্মীকে গুলি, ‘কমিশনে যাব’, বলছে পদ্ম শিবির

BJP in Bengal: এ ঘটনাকে কেন্দ্র করে স্বভাবতই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরেই এ ঘটনা ঘটে থাকতে পারে। যদিও তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলছে বিজেপি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন, “জানি না ওই কর্মীর প্রাণরক্ষা হবে কিনা। বাংলায় হিংসার এই রাজনীতি কারা নিয়ে এল?”

BJP: সাতসকালে গঙ্গাসাগরে বিজেপি কর্মীকে গুলি, ‘কমিশনে যাব’, বলছে পদ্ম শিবির
ক্ষোভ ফুঁসছে বিজেপি Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 11, 2026 | 9:51 AM
Share

গঙ্গাসাগর: ভোটের আগে গঙ্গাসাগরে চলল গুলি। সাত সকালে গুলি চালিয়ে বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ। বুধবার সকাল আটটা নাগাদ গঙ্গাসাগর উপকূল থানার অন্তর্গত শ্রীধাম বাসস্ট্যান্ড থেকে গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। আহত বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় বাইকে করে আসা দুইজন দুষ্কৃতী। গুলি চালানোর পরই দ্রুত বাইক নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন ত্রিলোকেশ ঢালি।

স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পাওয়ার পরেই দ্রুত এলাকায় ছুটে যায় পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, ত্রিলোকেশ ঢালি আগে মথুরাপুর সংগঠনিক জেলা কমিটির সেক্রেটারি ছিলেন। বর্তমানে যদিও সাধারণ কর্মী হিসাবেই দলের সঙ্গে যুক্ত ছিলেন।  

এ ঘটনাকে কেন্দ্র করে স্বভাবতই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরেই এ ঘটনা ঘটে থাকতে পারে। যদিও তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলছে বিজেপি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন, “জানি না ওই কর্মীর প্রাণরক্ষা হবে কিনা। বাংলায় হিংসার এই রাজনীতি কারা নিয়ে এল? আমরা এ বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আমরা কমিশনকে বলব ওই থানার ওসিকে বরখাস্ত করে দেওয়া হোক। একবার কড়া শাস্তি না দিলে এদের টনক নড়বে না।”

ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই এলাকায় অবরোধ শুরু করে দিয়েছেন বিজেপি কর্মীরা। আক্রান্তের মেয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলছেন, “বাবার তো একেবারে বুকে গুলি লেগেছে। হতে পারে শাসকদলেরই কাজ। আমরা যেহেতু বিজেপি করি, আমি নিজেও পঞ্চায়েত মেম্বার সে কারণেই এই আক্রমণ হয়ে থাকতে পারে।” অন্যদিকে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলছেন, “ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। সব কিছু যে তৃণমূল কংগ্রেস করেছে এই কথাটা ভোট আসছে বলেই চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে।”   

Follow Us