AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2026: ছাদবাগানের ‘বেনারসি’ পদ্মে বন্দিত হবেন মহামায়া, ক্যানিং থানার দুর্গাপুজোয় অভিনব উদ্যোগ, কারিগর ক্লাস টেনের দেবাঙ্গন

Canning Durga Puja Lotus Garden: ক্যানিংয়ের কোরাকাটির বাসিন্দা দেবাঙ্গন। পড়াশোনার ফাঁকে পরম যত্নে তৈরি করেছে পদ্মের বাগান। আর দাদাকে এই কাজে সঙ্গ দিয়েছে দেবাঙ্গনের বোনও। বিগত তিন বছর ধরে নিজের বাড়ির ছাদে অক্লান্ত পরিশ্রমে একটি পদ্ম ফুলের বাগান গড়ে তুলেছে তারা। প্রধান কারিগর দেবাঙ্গনই। জীবন বিজ্ঞান পছন্দ তার। পুংকেশর ও গর্ভকেশর চক্রের ফর্মুলা ধরেই এই পদ্ম চাষ।

Durga Puja 2026: ছাদবাগানের 'বেনারসি' পদ্মে বন্দিত হবেন মহামায়া, ক্যানিং থানার দুর্গাপুজোয় অভিনব উদ্যোগ, কারিগর ক্লাস টেনের দেবাঙ্গন
ক্যানিংয়ে পদ্মের ছাদবাগানImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 15, 2026 | 10:07 PM
Share

ক্যানিং: কোনও খাল-বিল নয়। ছাদ জুড়ে পদ্মবাগান। ফুটে রয়েছে অজস্র শতদল। কোনওটা হালকা গোলাপি, কোনওটা আবার সাদা। দেখলে চোখ জুড়িয়ে যাবে। আর এই বাগানের কারিগর ক্যানিংয়ের দশম শ্রেণির ছাত্র দেবাঙ্গন বৈদ্য। তাঁর হাতে তৈরি বাগানের ফুলেই এবার হবে দেবী দুর্গার আরাধনা। ক্যানিং থানার দুর্গাপুজোয় মায়ের চরণে নিবেদন করা হবে দেবাঞ্জনের নিজের হাতে ফোটানো পদ্ম।

ক্যানিংয়ের কোরাকাটির বাসিন্দা দেবাঙ্গন। পড়াশোনার ফাঁকে পরম যত্নে তৈরি করেছে পদ্মের বাগান। আর দাদাকে এই কাজে সঙ্গ দিয়েছে দেবাঙ্গনের বোনও। বিগত তিন বছর ধরে নিজের বাড়ির ছাদে অক্লান্ত পরিশ্রমে একটি পদ্ম ফুলের বাগান গড়ে তুলেছে তারা। প্রধান কারিগর দেবাঙ্গনই। জীবন বিজ্ঞান পছন্দ তার। পুংকেশর ও গর্ভকেশর চক্রের ফর্মুলা ধরেই এই পদ্ম চাষ।

সাধারণত পাঁকে ফোটে পদ্ম, কোনও খাল বা জলাশয়ে দেখা যায় পদ্মের বাগান। ছাদে কীভাবে তৈরি হল কমল উদ্যান? বছর তিনেক আগে দেবাঙ্গন বেনারস থেকে নিয়ে এসেছিল পদ্মের বীজ। মাস ছয়েকের চেষ্টায় পদ্মের পাপড়ি খুলেছে। টিভি৯ বাংলাকে দেবাঙ্গন বলেন, “গোবর সার বা অন্যান্য জৈব সার দিয়ে পাঁকটা কিছুক্ষণ রেখে দিই। যাতে পাঁকটা পুরনো গুণমান আবার ফিরে পায়। আবার গাছ হওয়া শুরু করে। বিভিন্ন রকম ফুল হয়। কখনও হয় গোলাপি, কখনও হয় সাদা।” বর্তমানে দেবাঙ্গনের এই ছাদবাগানে ৫ রকমের পদ্ম ফুল ফুটে রয়েছে। এদিকে, দেবাঙ্গনের ছাদের এই অপূর্ব পদ্ম বাগান নজর কেড়েছে খোদ পুলিশ প্রশাসনেরও।

সম্প্রতি দেবাঙ্গনের বাগানের এই অসাধারণ পদ্ম ফুল দেখে মুগ্ধ ক্যানিং থানার আইসি (IC) তুষার বিশ্বাস। তিনি নিজেই দেবাঙ্গনের কাছে মায়ের পুজোর জন্য এই ফুল দেওয়ার আবেদন জানান। তিনি বলেন, “ক্যানিং থানায় দীর্ঘদিন একটা দুর্গাপুজো হয়। আমি ওর কাজ দেখে ওকে ক্যানিং থানাতে আমন্ত্রণ জানালাম দুর্গাপুজোতে। ওর হাতে বানানো পদ্মফুলগুলি আমরা মায়ের পুজোয় ব্যবহার করব।”

সানন্দে রাজি দেবাঙ্গনও। নিজের হাতে পরম যত্নে ফুটিয়ে তোলা ফুল দেবী দুর্গার চরণে উৎসর্গ করতে পেরে অত্যন্ত খুশি সে। জানা গিয়েছে, ক্যানিং থানা দুর্গাপূজা কমিটির পুজোতে এবার মায়ের পায়ে অঞ্জলি হিসেবে দেওয়া হবে তার এই ছাদবাগানের বিশেষ পদ্ম ফুল।

Follow Us