TMC-BJP: সিপিএম নয়! তৃণমূল-বিজেপিতে বিরাট ভাঙন ধরাল এই দল
West Bengal Elections 2026: নির্বাচনের ঠিক আগে এই গণ-দলবদল গোসাবার রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন গোসাবার আমতলী এলাকায় এক বিশেষ সভার আয়োজন করা হয়। সেখানে আরএসপি প্রার্থী আদিত্য যোদ্দারের উপস্থিতিতে ওই পরিবারগুলি আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করে।

দেবব্রত মণ্ডলের রিপোর্ট
গোসাবা: বিরোধী শিবির ছেড়ে তৃণমূলে যোগ, বা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ, এই ছবিটাই এতদিনে বড্ড চেনা হয়ে গিয়েছে বঙ্গবাসীর। কিন্তু ভোটের আগে এবার যেন উলটপুরাণ। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই সুন্দরবনের উপকূলে বদলাতে শুরু করেছে রাজনৈতিক সমীকরণ। এবার ক্ষমতা দেখাচ্ছে বামেরা। তবে সিপিএম নয়। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় তৃণমূল-বিজেপি, দুই শিবিরেই বড়সড় ভাঙন ধরাল আরএসপি। বুধবার আমতলী এলাকার ২০২ নম্বর বুথ থেকে প্রায় ৫০টি পরিবার পদ্ম-জোড়াফুল ছেড়ে বাম শিবিরে নাম লেখাল।
তা নিয়েই এলাকার রাজনৈতিক আঙিনায় জোর তরজা। নির্বাচনের ঠিক আগে এই গণ-দলবদল গোসাবার রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন গোসাবার আমতলী এলাকায় এক বিশেষ সভার আয়োজন করা হয়। সেখানে আরএসপি প্রার্থী আদিত্য যোদ্দারের উপস্থিতিতে ওই পরিবারগুলি আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় লাল পতাকা তুলে দিয়ে তাঁদের বাম-পথে স্বাগত জানান আদিত্যবাবু।
এই যোগদান কর্মসূচি শেষে আরএসপি প্রার্থী আদিত্য যোদ্দার একযোগে সুর চড়ান তৃণমূল-বিজেপির বিরুদ্ধে। বলেন, “মানুষ আজ শাসক ও বিরোধী, উভয় দলের ভাঁওতাবাজি বুঝে গিয়েছেন। একদিকে তৃণমূলের অপশাসন, অন্যদিকে বিজেপির জনবিরোধী নীতি, এই দুইয়ে সাধারণ মানুষ আজ বীতশ্রদ্ধ। মানুষ তাঁদের হারানো অধিকার ফিরে পেতে বিকল্প পথ খুঁজছেন। আজ ৫০টি পরিবারের এই স্বতঃস্ফূর্ত যোগদানই প্রমাণ করে যে, সাধারণ মানুষ আবারও আরএসপির আদর্শের ওপর আস্থা রাখছেন।” যদিও নির্বাচনে গোসাবা বিধানসভায় এই ভাঙনের প্রভাব ব্যালট বাক্সে কতটা ছাপ ফেলে সেটাই দেখার।
