BJP Candidate Injured : প্রচারে বেরিয়ে বিপত্তি, বিজেপি প্রার্থীর ফাটল মাথা, রক্তারক্তি কাণ্ড
WB Assembly Election 2026 : বিজেপি সূত্রে খবর, সোমবার বিকেলে ময়নাগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচার করেছিলেন ডালিম রায়। সেই সময় একটি দোকানের ভেতর প্রবেশ করতে গিয়েই বিপত্তি ঘটে। দোকানের টিনে তাঁর মাথায় সজোরে আঘাত লাগে। আঘাত লাগার ফলে তাঁর কপালে গুরুতর চোট পান। কপাল কেটে যায়। গভীর ক্ষত তৈরি হয়।

ময়নাগুড়ি : হাতে আর বেশি সময় বাকি নেই। জোরকদমে প্রচার সারছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। তারই মধ্যে প্রচারে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন ময়নাগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী ডালিম রায়। জানা গিয়েছে, সোমবার বিকেলে প্রচার চলাকালীন হঠাৎই তাঁর মাথায় গুরুতর চোট লাগে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে, বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।
বিজেপি সূত্রে খবর, সোমবার বিকেলে ময়নাগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচার করেছিলেন ডালিম রায়। সেই সময় একটি দোকানের ভেতর প্রবেশ করতে গিয়েই বিপত্তি ঘটে। দোকানের টিনে তাঁর মাথায় সজোরে আঘাত লাগে। আঘাত লাগার ফলে তাঁর কপালে গুরুতর চোট পান। কপাল কেটে যায়। গভীর ক্ষত তৈরি হয়। মুহূর্তের মধ্যেই রক্তে ভেসে যায়। তড়িঘড়ি তাঁকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান দলের কর্মী-সমর্থকেরা। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। এখন তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।
বিজেপির জেলা কমিটির সদস্য চঞ্চল সরকার বলেন,”আমরা প্রচারে বেরিয়েছিলাম। প্রচারের শেষের দিকে ছিলাম। স্টেশন মোড়েও শেষ পর্যায়ে ছিল প্রচার। একটি ওষুধের দোকানে জনসংযোগ সারছিলেন। বারান্দার যে চাল ছিল, সেটা সামান্য নিচু ছিল। দোকানে ঢোকার সময় মাথায় লেগে যায়। লেগে গিয়ে কেটে যায়। মুহূর্তের মধ্যেই রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। তারপরই ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাঁকে।”
বিজেপি সূত্রে খবর, এখন কয়েকদিন বিজেপি প্রার্থীকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। সেক্ষেত্রে, আপাতত কয়েকদিন প্রচার বন্ধ থাকবে বলে খবর। এদিকে, ভোটের সময় প্রচার বন্ধ থাকলে কী হবে, সেই নিয়ে চিন্তায় পড়েছেন কর্মীরা। তবে, খুব দ্রুতই তিনি প্রচার শুরু করবেন বলে জানা গিয়েছে।
