Post Poll Violence: তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত ৫, ভোট পরবর্তী হিংসায় তপ্ত বাকচায়
West Bengal election violence: স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বৃহস্পতিবার ভোট মিটতেই ক্ষিপ্ত বিজেপি কর্মীরা এলাকায় হামলা চালায়। তাদের দাবি, এলাকার একাধিক তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর চালান বিজেপি কর্মীরা। এই হামলায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে খবর।

ময়না: ভোট গ্রহণ পর্ব মিটলেও অশান্তির আঁচ কাটেনি পূর্ব মেদিনীপুরের ময়নায়। বৃহস্পতিবার ভোটদানের পর থেকেই নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে ময়নার বাকচা এলাকায়। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ, হল বাড়ি ভাঙচুর, মহিলাদের শ্লীলতাহানিরও অভিযোগ ওঠে।
ময়নার বাকচার সাঁইতলা পুল এলাকার আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, ভোট মিটতেই রাতে তাঁদের বাড়ি ঘর ভাঙচুর করেন বিজেপি কর্মী সমর্থকরা। রাতেই গোটা বিষয়টি পুলিশকে জানান তাঁরা। বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ২৫০-৩০০ বিজেপি কর্মী তাদের বাড়িতে গিয়ে মারধোর শুরু করেন বলে অভিযোগ। এমনকি মহিলাদের কাপড় ছিঁড়েও দেওয়া হয়। লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ জন। তাঁদের ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
অপরদিকে বিজেপির অভিযোগ, তারা নিজেদের মতো এলাকায় আড্ডা মারছিলেন।হঠাৎ স্থানীয় তৃণমূল নেতা এবং তাঁর স্ত্রী-সহ বেশ কিছু তৃণমূল কর্মী তাঁদের ওপর হামলা চালান। রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় ৩ বিজেপি কর্মী জখম হন।বিজেপি জেলা সম্পাদক মধুসূদন প্রামাণিক বলেন, “হেরে যাওয়ার ভয়ে এখন দলবল আমাদের কর্মীর ওপর চড়াও হয়। গলায় গামছা দিয়ে জোর করে বেঁধে রাখে। মরো মরো অবস্থা।” এখনও পর্যন্ত এই নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গুরুতর অবস্থায় ১ জনকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী এবং ময়না থানার পুলিশ পৌঁছেছে।
