Rahul Banerjee’s Demise: ‘ও কি নৌকা থেকে পড়ে গিয়েছিল না কি হাঁটতে হাঁটতে…’, রাহুলের মৃত্যুতে একের পর এক প্রশ্ন তুলে দিলেন সহ অভিনেতারাই
Actors on Rahul Banerjee's Demise: রবিবার (২৯ মার্চ) ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়েই দুর্ঘটনা ঘটে। জলে ডুবে যান রাহুল, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে রাহুলের মৃত্যু ঘিরে এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।Image Credit: Facebook
কলকাতা: এমনটা হওয়ার কথা ছিল না। রবিবার সন্ধ্যায় হঠাৎ এল দুঃসংবাদ। রাহুল আর নেই। খবরটা শুনে টলিউডের কলাকুশলী থেকে শুরু করে সাধারণ মানুষ-কেউই বিশ্বাস করতে পারছিলেন না। অকালে প্রয়াণ জনপ্রিয় অভিনেতা, লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রবিবার (২৯ মার্চ) ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়েই দুর্ঘটনা ঘটে। জলে ডুবে যান রাহুল, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আজ রাহুলের মরদেহের ময়নাতদন্ত হবে। তারপরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তবে রাহুলের মৃত্যু ঘিরে এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। শুটিং চলছিল নাকি প্যাক-আপ হয়ে গিয়েছিল? সহ-অভিনেত্রী শ্বেতার দাবি, তিনিও জলে পড়ে গিয়েছিলেন। তাঁকে উদ্ধার করা গেলে, রাহুলের সঙ্গে কেন এমনটা হল? এবার টলিপাড়াও এই নিয়ে মুখ খুলতে শুরু করল। একে একে কলা-কুশলীরা দাবি করছেন নিরপেক্ষ তদন্তের।
টলিউডের পরিচিত মুখ রুপসা গুহ। তিনিও রাহুলের মৃত্যুর খবর শুনে প্রথমে বিশ্বাস করতে পারেননি। পরে ফেসবুকে পোস্ট করে সরাসরি প্রশ্ন তোলেন, “ও কি নৌকা থেকে পড়ে গিয়েছিল না কি হাঁটতে হাঁটতে আরও গভীর সমুদ্র স্রোত তলিয়ে গিয়েছিল, ড্রোন শটের জন্য শুটিং চলাকালীন, এটাই আমার একমাত্র প্রশ্ন। কোনও স্বচ্ছতা নেই। আমাদের স্বচ্ছতা চাই।”
গতকাল রাতেই রাহুলের বহু পুরনো সহকর্মী, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও এই আকস্মিক মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি করেন। শুটিং স্পটে রাহুল অরুণোদয়ের অস্বাভাবিক মৃত্যুর পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ পুলিশি তদন্ত দাবি করেন।
একইসঙ্গে পশ্চিমবঙ্গ মোশন পিকটার্স আর্টিস্ট ফোরাম কী পদক্ষেপ করছে, তাও জানতে চান।
অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, অঙ্কিতা মাঝিও একই পোস্ট করেছেন।
Follow Us
