‘শর্টকাটে বড়লোক হতে যেও না’, জেল ফেরত রাজপালকে সতর্কবার্তা অক্ষয়ের
তবে শুধু সমালোচনা নয়, বন্ধুর জন্য মন খারাপ অক্ষয়ের। তিনি আশাবাদী যে রাজপাল এই বিপদ কাটিয়ে দ্রুত ছন্দে ফিরবেন। সেই প্রচারে প্রিয়দর্শন যোগ করেন এক মজার তথ্য। তাঁর মতে, ‘ভূত বাংলা’ ছবিতে অক্ষয় আর রাজপালকে দেখা যাবে ‘টম অ্যান্ড জেরি’র মতো।

বলিউডে কান পাতলেই শোনা যায় একের পর এক বিতর্ক। তবে বিতর্ক থাকলেও বহু তারকাদের বন্ধুত্ব বহু বছর ধরে অটুট। কিছুদিন আদেই ৯ কোটি টাকার চেক বাউন্স কেসে ফেঁসে তিহার জেলে ছিলেন রাজপাল। এবার রাজপালের কেস নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার। আর সেই নিয়ে কথা বলতে গিয়েই টেনে আনলেন মৃত অভিনেতা আসরানির প্রসঙ্গ।
বর্তমানে নিজের আসন্ন ছবি ‘ভূত বাংলো’র প্রচারে বেশ ব্যস্ত অভিনেতা। আর এই ছবিতেই তাঁর সঙ্গে দেখা যাবে অভিনেতা রাজপাল যাদবকে। ছবি নিয়ে কথা বলতে গিয়ে রাজপালের বিপদের সময়ের কথা বলেন অভিনেতা। আর সেই প্রসঙ্গেই অভিনেতা স্মরণ করেন প্রয়াত অভিনেতা আসরানিকে। অক্ষয় জানান, আসরানি তাঁকে একবার জীবনের সবথেকে বড় স্ট্রেসের কথা জানিয়েছিলেন।
আসরানির পরামর্শ ছিল স্পষ্ট— “অক্ষয়, জীবনে কখনও নিজের টাকা ঢেলে সিনেমা প্রযোজনা করতে যেও না।” সেই একই সুর শোনা গেল অক্ষয়ের গলাতেও। তাঁর মতে, অভিনেতা হিসেবে আমরা পর্দায় ম্যাজিক দেখাতে পারি, কিন্তু সিনেমা তৈরির ব্যবসায়িক মারপ্যাঁচ সবার জন্য নয়। রাজপাল যাদবের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। অভিনেতা থেকে প্রযোজক হতে গিয়েই বিপাকে পড়েছেন তিনি। অক্ষয় সরাসরিই বললেন, “শর্টকাটে বা তাড়াহুড়ো করে টাকা উপার্জনের চক্করে অভিনেতাদের প্রযোজক হওয়া উচিত নয়।”
তবে শুধু সমালোচনা নয়, বন্ধুর জন্য মন খারাপ অক্ষয়ের। তিনি আশাবাদী যে রাজপাল এই বিপদ কাটিয়ে দ্রুত ছন্দে ফিরবেন। সেই প্রচারে প্রিয়দর্শন যোগ করেন এক মজার তথ্য। তাঁর মতে, ‘ভূত বাংলা’ ছবিতে অক্ষয় আর রাজপালকে দেখা যাবে বিখ্যাত ‘টম অ্যান্ড জেরি’র মতো। ৯৮টি ছবি পরিচালনা করেও প্রিয়দর্শন নিজে কখনও প্রযোজনা করার ঝুঁকি নেননি— এটাই সম্ভবত তাঁর সাফল্যের গোপন রহস্য। দিল্লি হাইকোর্ট অবশ্য রাজপালকে কিছুটা স্বস্তি দিয়েছে। মোটা অঙ্কের টাকা জমা দেওয়ায় তাঁকে আর আপাতত জেলে যেতে হচ্ছে না। তবে পরবর্তীতে কী হবে? সেই উত্তর সময় বলবে।
