Karan Johar: রাধা-কৃষ্ণর প্রেম নিয়ে ছবি বানাচ্ছেন করণ জোহর! কানাইয়ের চরিত্রে কে?
Karan Johar radha krishna movie: সেই করণ জোহর এবার হাত দিচ্ছেন ভারতীয় শাস্ত্রের সবচেয়ে পবিত্র ও জনপ্রিয় প্রেমকাহিনিতে। 'ধর্মা প্রোডাকশনস'-এর ব্যানারে এবার বড়পর্দায় জীবন্ত হয়ে উঠতে চলেছে রাধা ও কৃষ্ণের কালজয়ী প্রেমকথা। জন্মাষ্টমীর শুভ লগ্নেই প্রকাশ্যে এসেছে এই মেগা প্রজেক্টের খবর।

বলিউডে ভালোবাসার সমীকরণ বদলাতে তাঁর জুড়ি মেলা ভার। কয়েক প্রজন্ম ধরে যাঁর হাত ধরে দর্শক রুপোলি পর্দায় রোমান্টিকতার নতুন পাঠ পাঠ করেছেন, সেই করণ জোহর এবার হাত দিচ্ছেন ভারতীয় শাস্ত্রের সবচেয়ে পবিত্র ও জনপ্রিয় প্রেমকাহিনিতে। ‘ধর্মা প্রোডাকশনস’-এর ব্যানারে এবার বড়পর্দায় জীবন্ত হয়ে উঠতে চলেছে রাধা ও কৃষ্ণের কালজয়ী প্রেমকথা। জন্মাষ্টমীর শুভ লগ্নেই প্রকাশ্যে এসেছে এই মেগা প্রজেক্টের খবর।
ছবির নাম রাখা হয়েছে ‘রাধা কৃষ্ণ’। চিত্রনাট্য রচনার কাজ নাকি একেবারেই শেষ পর্যায়ে। ছবিটি পরিচালনা ও চিত্রনাট্য লেখার দায়িত্বে রয়েছেন ‘অবনে শ্রীমন্নারায়ণ’ খ্যাত জনপ্রিয় পরিচালক সচিন রবি। প্রযোজনা সংস্থা সূত্রে খবর, রাধা-কৃষ্ণের প্রেমকাহিনি নিয়ে কাজ করার ইচ্ছে করণ জোহরের বহুদিনের। কিন্তু একটি জুতসই চিত্রনাট্যের অপেক্ষায় আটকে ছিল স্বপ্ন। অবশেষে কাঙ্ক্ষিত গল্প হাতে পেতেই ছবি তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ছবিটিতে কৃষ্ণের জন্মলগ্ন থেকে শুরু করে কংসবধ এবং তাঁর জীবনের এক বিস্তৃত সময়কাল ফুটে উঠবে। তবে সবকিছুর কেন্দ্রে থাকবে রাধা-কৃষ্ণের সেই চিরন্তন প্রেম, আবেগ, বিরহ ও নাটকীয়তা। কেবল পৌরাণিক আখ্যান হিসেবে নয়, বরং চোখধাঁধানো নান্দনিক দৃষ্টিকোণ থেকে এই প্রেমগাথাকে তরুণ প্রজন্মের সামনে পরিবেশন করা হবে।
এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ধর্মা প্রোডাকশনসের পক্ষ থেকে কাস্টিং নিয়ে কিছু জানানো হয়নি। রাধা ও কৃষ্ণের চরিত্রে বলিউডের কোন তারকাদের দেখা মিলবে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তীব্র জল্পনা।
