Abhishek Banerjee: ২০ টা আলাদা কাগজ স্পিকারকে জমা দিয়ে বড় দাবি অভিষেকের, এবার কি কোণঠাসা বিদ্রোহী সাংসদরা?
Abhishek Banerjee Meets Lok Sabha Speaker: অভিষেকের দাবি, ২০ জন সাংসদকে ডিসকোয়ালিফাই করতে হবে। তাঁর স্পষ্ট যুক্তি, সংবিধানের দশম তফসিলে বলা রয়েছে, সংসদীয় দলের দুই তৃতীয়াংশ সাংসদ যদি চলে যান, তাহলে কখনই তা বৈধ বলে গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে পার্লামেন্টের একাধিক রুলসের কথা বলেন তিনি।

নয়া দিল্লি: ভেঙে চুরমার তৃণমূলের সংসদীয় দল। স্পিকারকে চিঠি পাঠিয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকার সময় দেন। শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করতে যান অভিষেক। সঙ্গে ছিলেন তিন সাংসদ মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন। ২০ জন সাংসদের NCPI-তে মিশে যাওয়া নিয়ে তৃণমূলের কী বক্তব্য, সেটাই জানতে চান স্পিকার। অভিষেকের বক্তব্য, সংবিধানের তোয়াক্কা না করে অন্য দলে যুক্ত হয়েছেন ২০ জন সাংসদ। তাঁর চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে ভোটে দাঁড়ান। স্পিকারের কাছে কাকলিদের সাংসদ পদ খারিজের দাবি জানিয়েছেন তিনি।
অভিষেক জানান, ২০ টি ডিসকোয়ালিফিকেশন পিটিশন জমা দেওয়া হয়েছে। এক একটি পিটিশন কুড়ি-একুশ পাতার। তিনি নিজেই স্বাক্ষর করেছেন প্রত্যেকটা পিটিশনে। অভিষেকের দাবি, ২০ জন সাংসদকে ডিসকোয়ালিফাই করতে হবে। তাঁর স্পষ্ট যুক্তি, সংবিধানের দশম তফসিলে বলা রয়েছে, সংসদীয় দলের দুই তৃতীয়াংশ সাংসদ যদি চলে যান, তাহলে কখনই তা বৈধ বলে গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে পার্লামেন্টের একাধিক রুলসের কথা বলেন তিনি। তাঁর যুক্তি রাজনৈতিক দলের দুই তৃতীয়াংশ এক্ষেত্রে যেতে হবে। অভিষেক বলেন, ” রাজনৈতিক দলের দুই তৃতীয়াংশ মার্জ করতে হবে। এক্ষেত্রে অভিষেক ১০ তফসিলের 2Aতে উল্লেখ রয়েছে, যদি কেউ দলের সদস্যপদ ছাড়েন, তাহলে ডিসকোয়ালিফিকেশন গ্রাউন্ডে গণ্য হবে। এক্ষেত্রে তাঁর বক্তব্য, যদি ওই ২০ জন সাংসদ NCPI তে যোগ দিয়েছেন, তার মানে ধরে নেওয়াই যায়, তাঁরা তৃণমূল ছেড়েছেন। একটা প্রতীকে জিতে এসে, হঠাৎ করেই তাঁরা যদি দাবি করেন অন্য দলে যোগ দিয়েছেন। তাহলে লোকসভায় তাঁদের সদস্যপদ চলে যাওয়া উচিত।
অভিযেক এও উল্লেখ করেছেন, ‘সেপারেট ব্লক’ বলে কিছু হয় না। আলাদা দলনেতা, ডেপুটি লিডার, চিফ হুইপ হয় না। সুপ্রিম কোর্টের একাধিক রায় এ বিষয়ে আছে বলেও উল্লেখ করেন তিনি। এই গোটা বিষয়টিই এদিন স্পিকারের সামনে তুলে ধরেছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। স্পিকারের সঙ্গে তাঁদের এক ঘণ্টা কথা হয়েছে বলেও জানিয়েছেন। অভিষেক জানান, স্পিকার তাঁদের আবারও ডাকবেন বলে আশ্বস্ত করেছেন।
