Supreme Court: মমতার কি কমিশনের এক্তিয়ার নিয়ে আদৌ প্রশ্ন তোলার অধিকার আছে? সুপ্রিম কোর্টে দায়ের মামলা
CM Mamata Banerjee: কীভাবে তিনি এই প্রশ্ন তুললেন? এই নিয়েই এবার সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন আবেদন ফাইল করলেন অখিল ভারত হিন্দু মহাসভার প্রাক্তন সহ-সভাপতি সতীশ কুমার আগারওয়াল। ব্যক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে সওয়াল করার অধিকার আছে কি না তা নিয়ে প্রশ্ন তুলে উচ্চ-আদালতে এই Interim Application ফাইল করা হয়েছে।

নয়া দিল্লি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি স্বাস্থ্য-পুলিশের মতো একাধিক দায়িত্ব সামলান। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি হিসাবে কি আদৌ এক্তিয়ার আছে জাতীয় নির্বাচন কমিশনের সাংবিধানিক এক্তিয়ার নিয়ে প্রশ্ন করার? কীভাবে তিনি এই প্রশ্ন তুললেন? এই নিয়েই এবার সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন আবেদন বা Interim Application ফাইল করলেন অখিল ভারত হিন্দু মহাসভার প্রাক্তন সহ-সভাপতি সতীশ কুমার আগারওয়াল। ব্যক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে সওয়াল করার অধিকার আছে কি না তা নিয়ে প্রশ্ন তুলে উচ্চ-আদালতে এই Interim Application ফাইল করা হয়েছে।
সংশ্লিষ্ট আবেদনে বলা হয়েছে একজন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত হাজিরা এবং সওয়াল সাংবিধানিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে। এও বলা হয়েছে, যে বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী আবেদন করেছেন তা তার ব্যক্তিগত সমস্যা নয়। বিষয়টি রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রের ইস্যু। নির্বাচন কমিশনের সাংবিধানিক এক্তিয়ার নিয়ে প্রশ্ন করছেন মমতা। প্রশাসনিক প্রধান হিসাবে তিনি আদৌ তা করতে পারেন কি না সেই নিয়ে উঠছে প্রশ্ন।
রাজ্য সরকার যখন আগেই মামলা দায়ের করেছে এবং সিনিয়র আইনজীবীরা সওয়াল করছেন তখন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগতভাবে মামলা দায়েরর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আজ মূল মামলার সঙ্গে এই আবেদনের শুনানিও হবে। এখানে উল্লেখ্য, আজ এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাও উঠবে শীর্ষ আদালতে। শুনানি হবে প্রধান বিচারপতির এজলাসে। আগের শুনানিতে সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছিলেন কেন পদবী বা নামের বানানের পার্থক্যের জন্য হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। হিয়ারিংয়ে ডেকে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে সরব হন। সেই মামলার পরবর্তী শুনানি হবে এ দিন।
