Paresh Adhikari: দুর্নীতির ছায়া কাটিয়ে আবার টিকিট পাচ্ছেন পরেশ অধিকারী? মুচকি হেসে যা বললেন…
গত ৮ ডিসেম্বর কোচবিহার সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাবেশ করেন তিনি। ওই সভা মঞ্চে তিনি পরেশ অধিকারীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন মমতা। আর এরপর থেকে আসন্ন বিধানসভায় টিকিট পাওয়া নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়।

হলদিবাড়ি: বিধানসভার বাজেট অধিবেশন সেরে সোমবারই মেখলিগঞ্জে ফিরলেন পরেশ অধিকারী। প্রিয় নেতাকে ঘিরে এদিন হলদিবাড়ি স্টেশনে ছিল অনুগামীদের ভিড়। আর এত অনুগামী দেখে আবেগতাড়িত হয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী। গত বিধানসভা নির্বাচনের পর থেকে একাধিক বিতর্কের মুখে পড়েছেন পরেশ অধিকারী। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর। চাকরিও চলে যায় তাঁর। প্রশ্ন উঠেছে, এবার কি আর টিকিট পাবেন পরেশ?
এদিন সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয়, ‘আপনি কি ফের টিকিট পাচ্ছেন?’, মুচকি হেসে ক্যামেরার সামনে পরেশ অধিকারী বলেন, “এত মানুষ দেখলে ভালই লাগে। শত কুৎসা স্বত্ত্বেও এরা বরাবর আমার পাশে আগেও দাঁড়িয়েছে। এবারেও আছে। আশা করব, ২৬-এর নির্বাচনেও থাকবে।”
গত ৮ ডিসেম্বর কোচবিহার সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাবেশ করেন তিনি। ওই সভা মঞ্চে তিনি পরেশ অধিকারীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন মমতা। আর এরপর থেকে আসন্ন বিধানসভায় টিকিট পাওয়া নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। পরেশের এদিনের মন্তব্যে সেই জল্পনা আরও নতুন করে উস্কে যায়।
এই বিষয়ে তৃণমূলের হলদিবাড়ি টাউন ব্লক সভাপতি অমিতাভ বিশ্বাস বলেন, “আমরা চাই পরেশ অধিকারী ফের টিকিট পাক। আমরা সবাই ওঁর সঙ্গে আছি।” মেখলিগঞ্জ বিধানসভার কো অর্ডিনেটর পার্থ প্রতিম রায় বলেন, “যাঁরা রাজনীতি করেন, তাঁরা টিকিটের আশা করতেই পারেন। কিন্তু যা করার সুপ্রিমোরাই করেন।”
একসময় বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন পরেশ অধিকারী। বাম জমানায় মন্ত্রীও ছিলেন তিনি। পরে ২০১১-র পর তৃণমূলে যোগ দেন পরেশ অধিকারী। শিক্ষা দফতরের প্রতিমন্ত্রীও হন তিনি। পরে দুর্নীতি মামলায় অভিযোগ ওঠে, বেআইনিভাবে চাকরি পেয়েছেন বিধায়কের মেয়ে অঙ্কিতা অধিকারী। আদালতের নির্দেশে চাকরি চলে যায় অঙ্কিতার। পরবর্তীতে মন্ত্রিত্ব হারান পরেশ অধিকারী।
