Nadia: রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে, পরীক্ষার্থীদের বেধড়ক ‘পেটালেন’ বিধায়ক! অভিযোগের নেপথ্যে ভয়ঙ্কর কারণ
Nadia: পরে বিষয়টি এলাকায় চাউর হতেই ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জড়ো হয়ে বিধায়কের বাড়ির সামনে জড়ো হন। তাঁরা বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও পড়ুয়াদের মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক। পাল্টা এই বিষয়েও রাজনৈতিক ষড়যন্ত্রেরই অজুহাত খাড়া করেছেন তিনি।

নদিয়া: গাড়ির হর্ন সমানে বাজাচ্ছিলেন। তবুও তারা নাকি পথ ছাড়েনি। আর সেই অভিযোগেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পেটালেন বিধায়ক। অভিযোগ ঘিরে সরগরম নদিয়ার করিমপুর। জানা যাচ্ছে, মুরুটিয়া থানায় বালিয়াডাঙায় কর্মসূচি সেরে ফিরছিলেন তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। সে সময়ে টিউশন পড়ে বাড়ি ফিরছিল বেশ কয়েকজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। অভিযোগ, বিধায়কের গাড়ি হর্ন দেওয়ার পরও পথ ছাড়েননি পড়ুয়ারা। এরপরই গাড়ি থেকে নেমে আসেন বিধায়ক। পড়ুয়াদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বচসার মাঝেই পড়ুয়াদের মারধর করা হয় বলে অভিযোগ।
পরে বিষয়টি এলাকায় চাউর হতেই ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জড়ো হয়ে বিধায়কের বাড়ির সামনে জড়ো হন। তাঁরা বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও পড়ুয়াদের মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক। পাল্টা এই বিষয়েও রাজনৈতিক ষড়যন্ত্রেরই অজুহাত খাড়া করেছেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপি ষড়যন্ত্র করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। বিজেপির বিরুদ্ধে হেনস্থার চেষ্টার অভিযোগ তুলেছেন তিনি।
বিধায়কের বক্তব্য, “যে অভিযোগ করা হচ্ছে, তা পুরোটাই মিথ্যা। মিথ্যা মিথ্যার পিছনে দৌঁড়য়। সত্যির নাগালের বাইরে চলে যায়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেনস্থা করার জন্য এই চক্রান্ত করেছে।”
যদিও এই বিষয়ে বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “গত কয়েক বছরে এই রাজ্যের তৃণমূল এমপি-এমএলএ-রা তো রাজা হয়ে গিয়েছে। রাজার সামনে প্রজার অবস্থান তো এমন, যে মাথা নীচু করে দাঁড়িয়ে থাকবে।” তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “বিধায়কের গাড়িকে পাশ দেওয়া নিয়মে রয়েছে। বাচ্চারা হয়তো বোঝেনি। তবে যা অভিযোগ উঠছে, তা যদি সত্যি হয়, দল ব্যবস্থা নেবে।”
