Kavi subhash Metro: কবে নাগাদ খুলতে পারে কবি সুভাষ? ইঙ্গিত দিল মেট্রো
Kolkata Metro: বিশেষ করে শিয়ালদহ দক্ষিণ শাখার বহু রেলযাত্রী কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকায় বিকল্প রাস্তা বেছে নিতে বাধ্য হয়েছেন। বিষয়টির সমস্যার কথা বুঝতে পেরে খোদ রেল বোর্ড এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও সম্প্রতি এই বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন।

কলকাতা: ব্লু-লাইনের অন্যতম ব্যস্ততম মেট্রো স্টেশন হল কবি সুভাষ (Kabi Subhas)। সেই মেট্রো স্টেশনের একাংশ ভেঙে পড়েছিল বলে বন্ধ ছিল মেট্রো চলাচল। তবে কবি সুভাষ মেট্রো নিয়ে এল এবার সুখবর। দুর্গাপুজোর সময় উত্তর-দক্ষিণ করিডরের কবি সুভাষ মেট্রো স্টেশন যাত্রীদের জন্য খুলে দিতে চায় কলকাতা মেট্রো। তার জন্য যাবতীয় কাজ দ্রুত গতিতে করতে চায় মেট্রো।
গত বছরের ২৮ জুলাই কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা দেয়। চারটি পিলারে বড় আকারে ফাটল দেখা দিতেই নিরাপত্তার কারণে সম্পূর্ণরূপে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। মোট ২১টি পিলারের উপরে থাকা এই কবি সুভাষ মেট্রো স্টেশনের কাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মেট্রোর ইঞ্জিনিয়ররাও। যে কারণে আর কোনও ঝুঁকি নিতে চাননি মেট্রো কর্তৃপক্ষ।
কবি সুভাষ মেট্রো স্টেশনের আগের স্টপেজ শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনকে উত্তর-দক্ষিণ করিডরের দক্ষিণের অংশের শেষ বা অন্তিমতম স্টেশন হিসেবে ঘোষণা করা হয়। কবি সুভাষ মেট্রো স্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফর্মের মাথার উপরের ছাউনি খোলার পর পড়ে রয়েছে প্ল্যাটফর্মের কাঠামো। গোটা মেট্রো স্টেশন সংস্কার এবং পুনঃনির্মাণের কাজের জন্য বরাদ্দ করা হয়েছে ৯ কোটি টাকা। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মুহূর্তে মেট্রো পরিষেবা রয়েছে। কিন্তু এর ফলে যাত্রী দুর্ভোগ যেমন বেড়েছে, তেমনি মেট্রোর আয় অনেকটাই কমে গিয়েছে।
বিশেষ করে শিয়ালদহ দক্ষিণ শাখার বহু রেলযাত্রী কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকায় বিকল্প রাস্তা বেছে নিতে বাধ্য হয়েছেন। বিষয়টির সমস্যার কথা বুঝতে পেরে খোদ রেল বোর্ড এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও সম্প্রতি এই বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। রাজ্যসভায় রেলমন্ত্রী জানান, কবি সুভাষ মেট্রো স্টেশনের আপলাইনের প্ল্যাটফর্মে কাঠামোগত গলদ রয়েছে। যে কারণে এই ফাটল এবং তা দ্রুত নির্মাণের কাজ চলছে।
রেল বোর্ড সূত্রে খবর, এর পরই রেলমন্ত্রী কবি সুভাষ মেট্রো স্টেশন দ্রুত নির্মাণের জন্য কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে আরও সক্রিয় হওয়া নির্দেশ দেন। তাতেই কাজের গতি ফিরছে বলে দাবি মেট্রো আধিকারিকদের একাংশের।
