West Bengal Name Change: ‘বাংলা’-এ আপত্তি, ইংরেজিতেও পশ্চিমবঙ্গ নাম করার দাবি করলেন শমীক
Shamik Bhattacharya on West Bengal Name: সংসদে আলোচনাতে অংশ নিয়ে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য ওয়েস্ট বেঙ্গলের নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ ব্যবহারের দাবি করেন। ওয়েস্ট বেঙ্গল নাম ব্যবহার না করে শুধুমাত্র পশ্চিমবঙ্গ ব্যবহারের দাবি জানান তিনি।

নয়া দিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ওয়েস্ট বেঙ্গল(West Bengal)-র নাম পরিবর্তন করে বাংলা (Bangla) করার বিরোধিতা করেছিল বিজেপি। এখনও সেই নাম পরিবর্তনের পক্ষপাতী নয় রাজ্যের নতুন সরকার। কেন বিজেপি সরকার এই বিরোধিতা করছে, তা রাজ্যসভায় তুললেন বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
বুধবার সংসদে কেরলের নাম পরিবর্তন করে কেরলম করার বিলের উপর আলোচনা হচ্ছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিল আনা হয়। এই বিল নিয়ে আলোচনা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, “আমরা সাত-আট বছর ধরে রাজ্যের নাম বাংলা করার দাবি জানাচ্ছি। কিন্তু আমাদের কথা শোনা হয়নি। আমরা কেরলের জন্য খুশি। কিন্তু কেন বাংলার দাবি মানা হল না, সেটা বুঝতে পারছি না।”
সেই আলোচনাতে অংশ নিয়ে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য ওয়েস্ট বেঙ্গলের নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ ব্যবহারের দাবি করেন। ওয়েস্ট বেঙ্গল নাম ব্যবহার না করে শুধুমাত্র পশ্চিমবঙ্গ ব্যবহারের দাবি জানান তিনি।
শমীক বলেন, “আমরা যারা পশ্চিমবঙ্গ থেকে আসছি, তাদের নির্দিষ্ট একটা রাজনৈতিক অতীত আছে। পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল ১৯৪৭ সালের ২০ জুন। সেদিন কংগ্রেসও বলেছিল পাকিস্তান না পশ্চিম পাকিস্তান, তা বিচার্য নয়। বাঙালি হিন্দুদের জন্য একটি আলাদা হোমল্যান্ড দরকার। কিন্তু আমাদের নাম হয়ে গিয়েছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের বদলে শুধু বাংলা করলে, সেদিন যাঁরা শহিদ হয়েছিলেন, রক্তস্নান করেছিলেন, তাঁদের অবদান বিস্মৃত হয়ে যাব। তাই ওয়েস্ট বেঙ্গল নয়, পশ্চিম বঙ্গাল নয়, পশ্চিমবঙ্গ হওয়া উচিত।”
একইসঙ্গে বিহারের নাম পরিবর্তন করে পাটলীপুত্র করার সুপারিশ করেন। নালন্দা যাওয়ার পথে বখতিয়ারপুর জংশনের নামও পরিবর্তন করার দাবি জানান শমীক। কারণ হিসাবে তিনি ব্যাখ্যা করেন যে বখতিয়ার খিলজী নালন্দা ধ্বংস করেছিলেন। তার নামে স্টেশন থাকলে, তা জাতীয় লজ্জা হবে।
