CM Mamata on Jadavpur University: ‘প্রশ্ন করাকে নৈরাজ্য বলে না’, মোদী সুর চড়াতেই যাদবপুরের ‘পাশে’ মমতা
CM Mamata on PM Modi: মমতা সোশ্যাল মিডিয়ায় লিখছেন, ‘ব্যথিত হৃদয়ে জানতে চাইছি আপনি কি এভাবেই শ্রদ্ধেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের বর্ণনা করেন? এটাই কি আপনার সৌজন্যবোধ ও শিষ্টাচার? আপনার সরকারের নিজস্ব 'এনআইআরএফ' (NIRF) র্যাঙ্কিং-এ বছরের পর বছর শীর্ষস্থান দখল করে আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।’

কলকাতা: ‘ছাত্রছাত্রীদের প্রতিবাদ গণতন্ত্রের ভেঙে পড়ার প্রতীভূ নয়, বরং এটি সচল ও জীবন্ত গণতন্ত্রের বহিঃপ্রকাশ।’ যাদবপুর নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের পাল্টা এ ভাষাতেই প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভে উগরে দিলেন সোশ্যাল মিডিয়ায়র দেওয়ালে। মণিপুর মনে করিয়ে সাফ লিখলেন, “ছাত্রছাত্রীদের প্রতিবাদ কোনও নৈরাজ্য নয়। প্রশ্ন করাকে নৈরাজ্য বলে না। মণিপুর জ্বলছে তা স্বীকার না করে যখন আপনি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকেন—সেটাই নৈরাজ্য।”
প্রসঙ্গত, এদিন বারুইপুরের সভা থেকে যাদবপুরের টুকরে টুকরে গ্যাংয়ের তুলোধনা করতে দেখা যায় মোদীকে। রাজ্যের বেহাল শিক্ষা ব্যবস্থার কথা মনে করিয়ে তোপ দাগেন তৃণমূলের বিরুদ্ধে। একযোগে যাদবপুরের ‘নৈরাজ্যের’ পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধেও সুর চড়িয়ে বলেন, “এক সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম গোটা দুনিয়ায় সম্মানের সঙ্গে নেওয়া হতো। এই ক্যাম্পাসের ভিত্তিই ছিল জাতীয়তাবাদের উপর। কিন্তু এখন ক্যাম্পাসের ভিতর হুমকি দেওয়া হচ্ছে, দেওয়ালে দেশ বিরোধী কথা লেখা হচ্ছে। যে সরকার নিজের রাজ্যের সবথেকে বড় শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে পারে না ও বাংলার ভবিষ্যত কী বাঁচাবে!” তার এ কথা নিয়ে এখন তোলপাড় চলছে রাজনৈতিক আঙিনায়।
পাল্টা প্রতিক্রিয়ায় মমতা সোশ্যাল মিডিয়ায় লিখছেন, ‘ব্যথিত হৃদয়ে জানতে চাইছি আপনি কি এভাবেই শ্রদ্ধেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের বর্ণনা করেন? এটাই কি আপনার সৌজন্যবোধ ও শিষ্টাচার? আপনার সরকারের নিজস্ব ‘এনআইআরএফ’ (NIRF) র্যাঙ্কিং-এ বছরের পর বছর শীর্ষস্থান দখল করে আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর আপনি সেই উৎকর্ষ কেন্দ্রকে এভাবে অপমান করলেন? আপনি এত নিচে নামতে পারলেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মেধার জোরে নিজেদের স্থান অর্জন করে। তারা যখন ডিগ্রি নিয়ে বের হয়, তখন তাদের সঙ্গে থাকে প্রশ্ন করার ক্ষমতা। এটাকে নৈরাজ্য বলে না। এটাই প্রকৃত শিক্ষা এবং এটাই উৎকর্ষ।’
