Agnimitra Paul on Park Street: পার্ক স্ট্রিটে কোনও হকার থাকবে না, বড় ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার
Park Street Hawker Removal: শমীক ভট্টাচার্যের এই নির্দেশের পরদিনই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বললেন যে শুধু ধর্মতলা নয়, পার্কস্ট্রিটও দখলমুক্ত করা হবে। আজ, রবিবারই অগ্নিমিত্রা পাল বলেন, "পার্ক স্ট্রিট এলাকায় খালি করা হবে সমস্ত ফুটপাথ। পার্ক স্ট্রিটের রাস্তার সৌন্দর্যায়ন করা হবে। কোনও হকার থাকবে না।"

কলকাতা: বাংলায় পরিবর্তনের পর বদলাচ্ছে বাংলার রূপও। ধর্মতলাকে দখলমুক্ত করার ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, “ধর্মতলা কলকাতার মুখ, সেই মুখই ঢাকা পড়ে গিয়েছে”। সেই কারণেই ধর্মতলাকে হকার মুক্ত করতে বলেছেন শমীক। এবার পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করলেন, শুধু ধর্মতলা নয়, পার্কস্ট্রিটও দখলমুক্ত করা হবে।
গতকাল, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে শমীক ভট্টাচার্য বলেন, “ধর্মতলা থেকে সরে যান। ওটা কলকাতার বুক। আমাদের দু’জন কাউন্সিলর আছেন, একজন বিধায়ক আছেন। আমি তাঁদের দায়িত্ব দিচ্ছি, ধর্মতলা আগে পরিষ্কার করুন, তারপর তো বোঝা যাবে নতুন সরকার এখানে এসেছে। এর জন্য কোনও নির্দেশের দরকার নেই। এটা পার্টির অবস্থান। এটা পার্টির ঘোষিত অবস্থান।”
আজ থেকেই ধর্মতলা সাফ করার কথা। শমীকের ধর্মতলা সাফ করার নিদান শুনে বেশ চিন্তায় পড়েছেন দোকানিরা। তাঁরা বলছেন, “প্রশাসন যা বলবে, তাই তো করতে হবে। তবে দোকান উঠিয়ে দিলে সমস্যা হবেই। দেখে-শুনে কাজ করতে হবে। সবাইকে নিয়ে চলতে হবে।”
শমীক ভট্টাচার্যের এই নির্দেশের পরদিনই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বললেন যে শুধু ধর্মতলা নয়, পার্কস্ট্রিটও দখলমুক্ত করা হবে। আজ, রবিবারই অগ্নিমিত্রা পাল বলেন, পার্ক স্ট্রিট এলাকায় খালি করা হবে সমস্ত ফুটপাথ। পার্ক স্ট্রিটের রাস্তার সৌন্দর্যায়ন করা হবে। কোনও হকার থাকবে না।
আজ কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে পাশে বসিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ” শুধু ধর্মতলা নয়, পার্ক স্ট্রিটেও খালি করা হবে ফুটপাথ। পার্ক স্ট্রিটে চৌরঙ্গি থেকে সেভেন পয়েন্ট কানেকটর পর্যন্ত আমরা দু’পাশে কোনও হকার বসতে দেব না। হকার যারা আছে, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আপনারা অন্য জায়গায় বসুন। পার্কস্ট্রিট হল কলকাতার জানালা। সেটাকে সুন্দর করে সাজাব। লাইট লাগাবো, সুন্দর করে পেভমেন্ট করব। হকার থাকবে না। হকাররা অন্য জায়গায় বসুক।”
