Suvendu Adhikari: মমতার পাশে সাব্বির! সরস্বতী পুজো নিয়ে বিতর্কের মধ্যেই ছবি পোস্ট করে আক্রমণ শুভেন্দুর
Suvendu Adhikari: বিগত কয়েকদিনে কলকাতা-সহ জেলার একাধিক স্কুল কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। নাম জড়িয়েছে শাসকদলের নেতাদের। এরইমধ্যে যোগেশ চন্দ্র ল কলেজের ঘটনায় জল গড়িয়েছে হাইকোর্টে। পুলিশি নিরাপত্তায় সেখানে হচ্ছে পুজো।

কলকাতা: সরস্বতী পুজোর উদ্যোক্তাদের রাত জেগে প্যান্ডেল পাহারা দেওয়ার নিদান ওসির। মালদহের পুখুরিয়া থানার ওসি বাপন দাস পুজোর আয়োজকদের রাত পাহারায় থাকার কথা বলছেন। সেই ভিডিয়ো পোস্ট করে ক্ষোভ উগরে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘ছাত্র-ছাত্রীরা রাত জাগবে আর পুলিশ তোলা তুলবে? তৃণমূলকে অপরাধ করার সুযোগ করে দেবে?’ প্রশ্ন বিরোধী দলনেতার।
প্রসঙ্গত, বিগত কয়েকদিনে কলকাতা-সহ জেলার একাধিক স্কুল কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। নাম জড়িয়েছে শাসকদলের নেতাদের। এরইমধ্যে যোগেশ চন্দ্র ল কলেজের ঘটনায় জল গড়িয়েছে হাইকোর্টে। পুলিশি নিরাপত্তায় সেখানে হচ্ছে পুজো। এই কলেজে পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের ছাত্র নেতা সাব্বির আলির বিরুদ্ধে। ধর্ষণ ও প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর চলছে। সম্প্রতি এক্স হ্যান্ডেলে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সেই সাব্বিরের ছবি পোস্ট করেও ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু।
সমাজমাধ্যমে খোঁচা দিয়ে শুভেন্দু লিখছেন, “মমতার পুলিশের নতুন বাণী, পুজোর উদ্যোক্তাদের রাত জাগার হয়রানি! পশ্চিমবঙ্গে দিকে দিকে সরস্বতী পুজোয় বাধা দিচ্ছেন তৃণমূলের ছাত্রনেতা থেকে তৃণমূল বুথ সভাপতি ও স্থানীয় নেতৃত্ববর্গ। উপদ্রবকারী সকলেই শাসক দলের নেতা কর্মী। কোথাও সদলবলে হুমকি দিচ্ছেন তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলি তো কোথাও তৃণমূল বুথ সভাপতি আলিমউদ্দিন মণ্ডল বিদ্যালয়ে ঢুকে হুমকি দিচ্ছেন শিক্ষককে।” এরপরই পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে শুভেন্দু লেখেন, “পরিস্থিতি প্রতিকূল বুঝতে পেরে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আগে থেকেই দায়িত্ব এড়ানোর চেষ্টা শুরু করে দিয়েছে। মালদা পুলিশ জেলার পুখুরিয়া থানার ওসি বাপন দাসের নির্দেশ সরস্বতী পুজোর উদ্যোক্তাদের রাতে পাহারায় থাকতে হবে!” অন্যদিকে যোগেশের ঘটনায় বিরক্ত মুখ্যমন্ত্রী নিজেও। চাপানউতোরের মধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছ থেকে রিপোর্টও চেয়ে পাঠিয়েছেন। সেই রিপোর্ট ব্রাত্য জমাও দিয়েছেন বলে খবর।
মমতা পুলিশের নতুন বাণী, পুজোর উদ্যোক্তাদের রাত জাগার হয়রানি !!!
পশ্চিমবঙ্গে দিকে দিকে সরস্বতী পুজোয় বাধা দিচ্ছেন তৃণমূলের ছাত্রনেতা থেকে তৃণমূল বুথ সভাপতি ও স্থানীয় নেতৃত্ববর্গ। উপদ্রবকারী সকলেই শাসক দলের নেতা কর্মী। কোথাও সদলবলে হুমকি দিচ্ছেন তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলি… pic.twitter.com/n8G7bSWLFn
— Suvendu Adhikari (@SuvenduWB) February 1, 2025
