Vaibhav Suryavashi vs Kyle Jamieson : আউট করে ‘উদ্দাম’ সেলিব্রেশন, শাস্তির মুখে দিল্লির তারকা বিদেশী বোলার!
RR vs DC highlights : আইপিএলের ধারা অনুযায়ী, এমন কোনও আচরণ, ভাষা ব্যবহার যা আইপিএলের নিয়মবিরুদ্ধ, সেগুলো করা যাবে না কারণ সেগুলো প্রতিপক্ষকে উস্কে দিতে পারে। এই নিয়ম মানেননি দিল্লির বিদেশী বোলার , তাই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নিতে হয়েছে বোর্ড কর্তৃপক্ষকে।

কলকাতা : গতকালই আইপিএলের (IPL 2026) ৪৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। জয়পুরে সোয়াই মান সিংহ স্টেডিয়ামে সেই ম্যাচে রাজস্থানকে ফুৎকারে উড়িয়ে দেয় দিল্লি। ৭ উইকেটে রাজস্থানকে হারিয়ে দেয় তারা। ২২৫ রান তুললেও ৫ বল আগেই ম্যাচ শেষ করে দেয় দিল্লি। পাথুম নিশঙ্কা (Patthum Nishanka) থেকে কে এল রাহুল (KL Rahul) – রান পেয়েছেন সবাই। ১৭ বলে ৩৩ রানের দুরন্ত ক্যামিও ইনিংস খেলেছেন নীতিশ রানা। তবে এসবের মধ্যেই শাস্তির কবলে দিল্লির পেসার কাইল জেমিসন (Kyle Jamieson)।
গতকাল রাজস্থানের ওপেনার বৈভব সূর্যবংশীকে (৪) আউট করেই উদ্দাম সেলিব্রেশনে মাতেন জেমিসন, যা বিতর্ক ডেকে আনে দিল্লি শিবিরে। এই আগ্রাসী সেলিব্রেশনের ফলে ব্যবস্থা নেওয়া হবে জেমিসনের বিরুদ্ধে। কোড অফ কন্ডাক্ট ভাঙার অপরাধে তাঁকে ম্যাচ রেফারি লেভেল ১ অপরাধের জন্য সতর্ক করেন ও এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয় তাঁর নামের পাশে। ইনিংসের দ্বিতীয় ওভারেই জেমিসনের বলে আউট হয়ে যান বৈভব। তারপরই তাঁকে দেখে আগ্রাসী সেলিব্রেশন করতে শুরু করেন জেমিসন, যা তাঁর কপালে বিপদ ডেকে আনল।
আইপিএলের ধারা অনুযায়ী, এমন কোনও আচরণ, ভাষা ব্যবহার যা আইপিএলের নিয়মবিরুদ্ধ, সেগুলো করা যাবে না কারণ সেগুলো প্রতিপক্ষকে উস্কে দিতে পারে। এই নিয়ম জেমিসন মানেননি, তাই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নিতে হয়েছে বোর্ড কর্তৃপক্ষকে। যদিও এই আইপিএলে খুব কম বারই বৈভব এত কম রানে আউট হলেন। এর আগে ৯ ম্যাচে ৪০০ রান করে ফেলেছিলেন তিনি, যার মধ্যে ছিল একটি সেঞ্চুরি। এখন ১০ ম্যাচ খেলে তাঁর মোট রান ৪০৪, যা তাঁকে রেখেছে অরেঞ্জ ক্যাপের চতুর্থ স্থানে। তবে এই মুহূর্তে জেমিসন ও বৈভবের এই ঘটনাতেই উত্তপ্ত আইপিএলের মঞ্চ।
