AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PBKS vs RR scorecard : মুল্লানপুরে শুভম-ফেরেইরার ‘দ্বৈতশাসন’, প্রথমবার হারের মুখ দেখল পাঞ্জাব!

IPL 2026 : আজকের পর আবার কমলা টুপির মালিক হলেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। আজ জিতে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে উঠে এল রাজস্থান। আজ ম্যাচের পরে দেখা গেল পাঞ্জাব দল গ্যালারিতে বল ছুঁড়ে দিচ্ছেন সমর্থকদের। আসলে, এই বছর আইপিএলে নিউ চন্ডিগড়ে এটাই শেষ ম্যাচ ছিল পাঞ্জাবের। এরপর তারা খেলবে ধর্মশালা স্টেডিয়ামে।

PBKS vs RR scorecard : মুল্লানপুরে শুভম-ফেরেইরার 'দ্বৈতশাসন', প্রথমবার হারের মুখ দেখল পাঞ্জাব!
Punjab Kings' undefeated streak finally comes to an end.Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 28, 2026 | 11:33 PM
Share

কলকাতা : বলটা বাউন্ডারির বাইরে যেতেই গ্যালারিতে দেখা গেল বেশ কিছু খুদে সমর্থককে। হাত জোড় করে প্রার্থনা করছে তিন শিশু, যাতে পাঞ্জাব (Punjab Kings) জিতে যায়। কিন্তু ভগবান হয়ত আজ পাঞ্জাবকে নিরাশ করতেই চেয়েছিলেন। তাই অষ্টম ম্যাচে এসে অবশেষে হারের স্বাদ পেল পাঞ্জাব কিংস। শেষ ৪ ওভারে দুরন্ত ব্যাট করেছিলেন অজি অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস (Marcus Stoinis) ঝড় তুলেছিলেন। তখনও কি পাঞ্জাব ভেবেছিল, শুভম দুবে ও ডোনোভান ফেরেইরা – এই দুজনই পাঞ্জাবের জয়ের পথে কাঁটা হয়ে উঠবেন? তাঁদের ব্যাটেই ৬ উইকেটে পাঞ্জাবকে হারিয়ে জয়ের সরণিতে ফিরল রাজস্থান রয়্যালস। (Rajasthan Royals)

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। ব্যাটে নেমে শুরু থেকেই ঝড় তুলেছিলেন গত ম্যাচের দুই হিরো প্রভসিমরণ সিং ও প্রিয়াংশ আর্য। ১১ বলে ২৯ রান করে ফিরলেন প্রিয়াংশ (Priyansh Arya)। এই আইপিএল যেন স্বপ্নসফর হয়ে ধরা দিয়েছে প্রিয়াংশের কাছে। প্রভসিমরণ আজও অর্ধশতরান পেলেন। ৪৪ বলে ৫৯ রান করলেন তিনি। তাঁরা আউট হতেই অধিনায়ক শ্রেয়স ও কুপার কনোলির ক্যামিও। দুজনেই ৩০ রান করে আউট হলেন। শেষ তিন ওভারে ঝড় তুললেন মার্কাস স্টোয়নিস। তাঁর ২২ বলে ৬২ রানের ইনিংসের সৌজন্যেই ২০ ওভার শেষে পাঞ্জাব পৌঁছল ২২২/৪ রানে।

জবাবে ব্যাটে নেমে আজকেও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ব্যাট করেছেন দুই রাজস্থানি ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ও যশস্বী জয়সোয়াল। ১৬ বলে ৪৩ রান করেছেন বৈভব। ২৭ বলে ৫১ রানের দুরন্ত ইনিংস খেললেন যশস্বীও। আজ রান পেলেন না ধ্রুব জুৱেল (১৮)। ১৬ বলে ২৯ রানের ইনিংস খেললেন রাজস্থান ক্যাপ্টেন রিয়ান পরাগ। তাঁরা আউট হতেই দুই ব্যাটার শুভম দুবে ও ডোনোভান ফেরেইরা দ্রুত রান তোলা শুরু করেন। ১২ বলে ৩১ রানের দুরন্ত ক্যামিও খেললেন শুভম। ইনিংসের শেষ বলে ৬ মেরে মাত্র ২৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করলেন এই প্রোটিয়া ব্যাটার। ২২৩ রান তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই ৬ উইকেটে ২২৮ রান তুলে জিতে গেল রাজস্থান। শোচনীয় অবস্থা অর্শদীপ সিং ও লকি ফার্গুসনের। ৪ ওভারে ৬৮ রান দিলেন অর্শদীপ সিং। ৪ ওভারে ৫৭ রান দিলেন লকি। এবং এই আইপিএলে প্রথমবারের জন্য হারের মুখোমুখি হল পাঞ্জাব।

আজকের পর আবার কমলা টুপির মালিক হলেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। আজ জিতে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে উঠে এল রাজস্থান। ম্যাচের পরে দেখা গেল পাঞ্জাব দল গ্যালারিতে বল ছুঁড়ে দিচ্ছেন সমর্থকদের। আসলে, এই বছর আইপিএলে নিউ চন্ডিগড়ে এটাই শেষ ম্যাচ ছিল পাঞ্জাবের। এরপর তারা খেলবে ধর্মশালা স্টেডিয়ামে। কিন্তু আজ রাজস্থান ২২৩ রান যেভাবে সফলভাবে তাড়া করল, বাকি দলগুলো হাঁফ ছেড়ে বাঁচতেই পারে। পাঞ্জাবকেও তাহলে হারানো যায় !

Follow Us