ভুলে যাবে মানুষ… কপিল দেবের রোষে বাবরদের পাকিস্তান!
কপিলের মতে, "এই সিদ্ধান্তের ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যতের ক্রিকেটাররা। খেলোয়াড়েরা এই সিদ্ধান্ত নিলে তবুও পরিত্রানের উপায় থাকত। কিন্তু সরকার ও বোর্ডের এই সিদ্ধান্তে পাকিস্তানের সন্মান নিয়ে ছেলেখেলা করার মতো।" তিনি আরও বলেছেন, পাকিস্তান যদি এই সিদ্ধান্তেই অনড় থাকে, তাহলে খুব বেশি দিন তাদের কেউ মনে রাখবে না। বহু বছর ধরে পাকিস্তান অনেক সফল ক্রিকেটারের জন্ম দিয়েছে। কিন্তু তাদের এই গোঁয়ার্তুমির ফল ভুগতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে।

কলকাতা : টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা আপাতত আকাশছোঁয়া। অসংখ্য ক্রিকেট ভক্ত তৈরি নিজেদের প্রিয় দলের হয়ে গলা ফাটাতে। তার আগেই বিশ্বকাপ বিতর্ক চরমে পৌঁছে গিয়েছে। গ্ৰুপ এ-তে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের। কিন্তু রবিবার সোশ্যাল মিডিয়ায় পাক বোর্ড জানায়, তারা বিশ্বকাপ খেললেও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করতে চলেছে। যে ঘোষণা জানাজানি হতেই চূড়ান্ত সমালোচিত হতে থাকে পাকিস্তানের সরকার এবং ক্রিকেট বোর্ড। পড়শি বাংলাদেশের বিতর্কের মাঝেই পাকিস্তানের এই বয়কট শোরগোল ফেলে দিয়েছে ক্রিকেটমহলে।
এর মধ্যেই ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক একহাত নিয়েছেন পাকিস্তানের এই সিদ্ধান্তকে। তাঁর মতে, এই সিদ্ধান্তের ফলে এই দুই দেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকবে। কপিলের মতে, “এই সিদ্ধান্তের ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যতের ক্রিকেটাররা। খেলোয়াড়েরা এই সিদ্ধান্ত নিলে তবুও পরিত্রানের উপায় থাকত। কিন্তু সরকার ও বোর্ডের এই সিদ্ধান্তে পাকিস্তানের সন্মান নিয়ে ছেলেখেলা করার মতো।” তিনি আরও বলেছেন, পাকিস্তান যদি এই সিদ্ধান্তেই অনড় থাকে, তাহলে খুব বেশি দিন তাদের কেউ মনে রাখবে না। বহু বছর ধরে পাকিস্তান অনেক সফল ক্রিকেটারের জন্ম দিয়েছে। কিন্তু তাদের এই গোঁয়ার্তুমির ফল ভুগতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে।
পাকিস্তানের এই ম্যাচ বয়কটের সিদ্ধান্তে এমনিতেই অস্বস্তিতে আইসিসি। এই ম্যাচ ঘিরে লক্ষ টাকার বিনিয়োগ করে বিভিন্ন সংস্থা। এই ম্যাচ যদি না হয়, বিজ্ঞাপন থেকে টিকিট রেভিনিউ, সব দিক থেকেই ক্ষতির মুখ দেখবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। যে অঙ্কটা প্রায় ৪৫০০ কোটি টাকা হতে পারে বলে আন্দাজ করা হচ্ছে। তার প্রভাব বিশ্বকাপে অংশগ্রহণ দলগুলোর উপরেও পড়বে। ম্যাচ বয়কটের ঘোষণার পর বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডও। এ ছাড়া, এই ম্যাচ না হলে আইসিসি হুঁশিয়ারি দিয়ে রেখেছে, পাকিস্তান সুপার লিগ খেলতে চাওয়া কোন বিদেশি ক্রিকেটারকে এনওসি দেবে না তারা। তা যদি হয়, জৌলুস হারাবে পাকিস্তানের ক্রিকেট লিগ।
ভারত বনাম পাকিস্তান-বাংলাদেশ জোট নিয়ে বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে সরগরম ক্রিকেট বিশ্ব। পিচে বল গড়ানোর আগেই কপিল দেবের এই বক্তব্য আরওএ পাকিস্তানকে চাপে ফেলে দিল বলে মনে করছে অনেকেই।
