বাকি আর দুই সপ্তাহ, ফের কাপের সন্ধানে নামতে চান সূর্য-বুমরারা!
গতবারের চ্যাম্পিয়ন ভারত শুরু করবে ফেভারিট হিসেবে। অক্টোবর ২০২৩ সালের শেষ থেকে ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৪৮টিতেই জিতেছে গুরু গম্ভীরের ছাত্ররা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ সিরিজেও আগ্রাসী মনোভাবে দেখা গিয়েছে ভারতীয় দলকে।

কলকাতা: ৭ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। চার-ছক্কার আমেজে ডুবে থাকতে চান ক্রিকেট প্রেমীরা। ভারত ও শ্রীলঙ্কা যৌথ আয়োজক। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল রোহিত শর্মার ভারত। এ বার দলের দায়িত্বে সূর্যকুমার যাদব। ফের কি ট্রফির দখল নেবে ভারত? এমনিতেই এই বিশ্বকাপ নিয়ে বিতর্কের অন্ত নেই। মুস্তাফিজুর রহমানকে দিয়ে বিতর্কের শুরু। যার জেরে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে কুড়ি-বিশের টুর্নামেন্ট থেকে। তার বদলে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। ওই মিটতে না মিটতে পাকিস্তানের নাটক নিয়ে প্রবল চর্চা। ভারত ম্যাচ বয়কট করেছে তারা। বিশ্বকাপের গ্ল্য়ামার কমে যাবে কিনা, তা নিয়ে আশঙ্কার শেষ নেই।
চারটি গ্ৰুপে মোট ২০টি দল অংশগ্রহণ করতে চলেছে এ বার। গতবারের চ্যাম্পিয়ন ভারত রয়েছে তুলনামূলক সহজ গ্ৰুপ এ-তে। ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া ও আমেরিকা। ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে মাঠে নামবেন সূর্যকুমাররা। প্রতিপক্ষ আমেরিকা। নিঃসন্দেহে গতবারের চ্যাম্পিয়ন ভারত শুরু করবে ফেভারিট হিসেবে। অক্টোবর ২০২৩ সালের শেষ থেকে ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৪৮টিতেই জিতেছে গুরু গম্ভীরের ছাত্ররা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ সিরিজেও আগ্রাসী মনোভাবে দেখা গিয়েছে ভারতীয় দলকে। শেষ ম্যাচে ঈশান কিষানের সেঞ্চুরির সৌজন্যে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২৭১ রান তোলে ভারত, যা তাদের দ্বিতীয় সর্বোচ্চ। এ ছাড়াও এই সিরিজে ১৫ ওভারেই ২০০ রান তুলে চর্চায় উঠে এসেছেন অধিনায়ক সূর্যরা।
নজর থাকবে অভিষেক শর্মার উপর। এই মুহূর্তে ভারতের সবচেয়ে মূল্যবান অস্ত্র তিনি। আইপিএল হোক বা জাতীয় দল, প্রথম ওভার থেকেই মারকুটে মনোভাবে ইনিংস শুরু করেন অভিষেক। যা তীব্র গতিতে রান তুলতে সাহায্য করে দলকে। বড় রানের পাহাড় তুলতে ২৫ বছর বয়সী এই যুবকের দিকেই তাকিয়ে থাকবে ম্যানেজমেন্ট।
যদিও ভারতের গ্ৰুপেই রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ১৫ই ফেব্রুয়ারি মুখোমুখি হওয়ার কথা ছিল এই দুই দেশের। পাকিস্তান জানিয়েছে, তারা প্রতিযোগিতা বয়কট না করলেও শুধু ভারত ম্যাচেই খেলতে অনিচ্ছুক। যে সিদ্ধান্ত নিয়ে সরব ক্রিকেটমহল। টি-টোয়েন্টি বিশ্বকাপ কোনও দলই টানা দু’বার জেতেনি। সে দিক থেকে বড় সুযোগ রয়েছে সূর্যকুমার যাদবদের সামনে। কতটা ফলপ্রসূ হয় তাঁদের প্রস্তুতি, সেই দিকেই তাকিয়ে সমর্থকেরা।
