Budget 2026: হাত দিলেই ছ্যাঁকা খাবেন! বাজেটের পরে দাম বাড়ছে কোন কোন জিনিসের?
Budget Update 2026: স্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে সিগারেট, পান মশলা এবং অন্যান্য তামাকজাত পণ্যের ওপর আবগারি শুল্ক ও হেলথ সেস বৃদ্ধি করা হয়েছে। যার জেরে সমস্ত প্রকার সিগারেটের দামই বাড়তে চলেছে। অন্যদিকে দাম বাড়ছে মদেরও। দাম বাড়ছে খনিজ পদার্থদেরও।

নয়া দিল্লি: ভারত সরকারের মেক ইন ইন্ডিয়ার হাত শক্তিশালী করতে বাজেটে একাধিক ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একইসঙ্গে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে সাম্প্রতিক কিছু পরিবর্তন আনা হয়েছে। ফলে এক ধাক্কায় বেশ কিছু জিনিসের দাম যেমন অনেকটাই কমে যাচ্ছে। তেমনই বেশ কিছু জিনিসের দাম বেড়েও যাচ্ছে। দেশীয় পণ্যে উৎপাদনে জোর দিতে বেশ কিছু আমদানি করা পণ্যের উপর থেকে করছাড় তুলে নেওয়া হয়েছে। যেসব পণ্য দেশে এখন পর্যাপ্ত পরিমাণে তৈরি হচ্ছে অথবা যেগুলির আমদানি খুব সামান্য, সেগুলোর ওপর থেকে শুল্কছাড় প্রত্যাহার করা হয়েছে।
একইসঙ্গে নির্দিষ্ট কিছু শিল্পজাত পণ্য, কিছু বিশেষ যন্ত্রপাতি এবং যন্ত্রাংশের ওপর শুল্কের হার পুনর্নির্ধারণ করা হয়েছে। কর কাঠামো সহজ করার এই প্রক্রিয়ায় কিছু শিল্পপণ্যের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 
স্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে সিগারেট, পান মশলা এবং অন্যান্য তামাকজাত পণ্যের ওপর আবগারি শুল্ক ও হেলথ সেস বৃদ্ধি করা হয়েছে। যার জেরে সমস্ত প্রকার সিগারেটের দামই বাড়তে চলেছে। অন্যদিকে দাম বাড়ছে মদেরও। দাম বাড়ছে খনিজ পদার্থদেরও। অন্যদিকে এক ধাক্কায় দাম কমছে ক্যানসারের ওষুধ, সুগারের ওষুধ, বিড়ি, চামরার ব্যাগ, সোলার প্যানেল, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিনের দাম। অন্যদিকে বিদেশে উচ্চশিক্ষায় পড়ার খরচও কমছে। যদিও বাজেটের পরেই পক্ষে বিপক্ষে উঠে আসছে নানা মত। বিশেষজ্ঞদের কেউ বলছেন সবদিকের ভারসাম্য রেখেই বাজেট সামনে এনেছেন নির্মলা। অন্যদিকে সাধারণ মানুষের অনেকে বলছেন, বড় ক্ষেত্রে বিশেষ কোনও লাভ হল না। ওষুধের দামটাই যা একটু কমল।
