Basanti IC: কেন কোপের মুখে পড়তে হল IC-কে, বাসন্তীর ঘটনায় কোথায় কোথায় ফাঁক পুলিশের? দায়িত্বে এলেন EB-র অফিসার
Basanti IC: বাসন্তীর পুলিশের ওপর হামলার ঘটনায় প্রাথমিক তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বাসন্তী হাই রোডের ধারে তিনটি উন্নতমানের ফ্লাড সেন্টার থাকা সত্ত্বেও, কেন গ্রামের ভেতরে নদীর ধারের ৪ নম্বর ফ্লাড সেন্টারটিকে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্পের জন্য বেছে নেওয়া হল? তা নিয়ে প্রশ্ন উঠেছে। মেন রোডের ধারের ফ্লাড সেন্টারগুলো ফাঁকা রেখে বাহিনীকে কেন দূরে রাখা হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

দেবব্রত মণ্ডল: বাসন্তীতে বিজেপি প্রার্থীর প্রচারে অশান্তির ঘটনায় এবার নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের। সরাসরি কমিশনের কোপে পড়লেন বাসন্তী থানার আইসি অভিজিৎ পাল। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁকে সাসপেন্ড করেছে কমিশন। সাসপেনশন অর্ডারে স্পষ্ট জানানো হয়েছে, আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। শুক্রবার বিকালেই রাজ্যের মুখ্য সচিবকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে কমিশন। অভিজিৎ পালের জায়গায় বাসন্তী থানার নতুন আইসি হিসাবে দায়িত্ব নিচ্ছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসার প্রবীর ঘোষ। শুক্রবার রাতেই তাঁকে দায়িত্বভার গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাসন্তীর পুলিশের ওপর হামলার ঘটনায় প্রাথমিক তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বাসন্তী হাই রোডের ধারে তিনটি উন্নতমানের ফ্লাড সেন্টার থাকা সত্ত্বেও, কেন গ্রামের ভেতরে নদীর ধারের ৪ নম্বর ফ্লাড সেন্টারটিকে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্পের জন্য বেছে নেওয়া হল? তা নিয়ে প্রশ্ন উঠেছে। মেন রোডের ধারের ফ্লাড সেন্টারগুলো ফাঁকা রেখে বাহিনীকে কেন দূরে রাখা হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
তদন্তে দেখা গিয়েছে, ঘটনার অনেকক্ষণ পর সেখানে কেন্দ্রীয় বাহিনী পৌঁছয়। অথচ ফ্লাড সেন্টারে থাকা কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রে ঘটনাস্থল, অর্থাৎ বাসন্তী বাজার এলাকার দূরত্ব মাত্র ৬.৭ কিলোমিটার। সেই দূরত্ব পার হতে কেবল ১৩-১৫ মিনিট সময় লাগার কথা। কিন্তু দেখা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী সেখানে ৫০ মিনিট পরে গিয়ে পৌঁছয়।
আরও একটি প্রশ্ন, পুলিশ যদি আইন-শৃঙ্খলার দোহাই দিয়ে মিছিল আটকাতে পারে, তবে আগে থেকে উত্তেজনা থাকা সত্ত্বেও কেন বাজারে আগেভাগে বাহিনী মোতায়েন করা হল না? এই সব কটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচার ঘিরে রণক্ষেত্রের আকার নেয় এলাকা। অভিযোগ, সেই প্রচারেই হামলা চালায় তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা। বাজারে প্রচার চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। একের পর এক বাইক ভাঙচুর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন খোদ পুলিশ অফিসার-কর্মীরাই। ক্যামেরায় ধরা পড়ে এসআই সৌরভ গুহকে রীতিমতো তাড়া করতে থাকে দুষ্কৃতীরা। তিনি দৌড়ে পালাতে গিয়ে একসময়ে পড়ে যান। তখনও তাঁর ওপর বাঁশ নিয়ে হামলা চলে বলে অভিযোগ। ঘটনায় একাধিক পুলিশকর্মী আহত হন।
