ফের মা হতে চলেছেন দীপিকা! মেয়ে দুয়ার হাতে প্রেগনেন্সি কিট, সুখবর দিলেন ‘দীপবীর’
সম্প্রতি একটি সামিটে মাতৃত্ব নিয়ে মন খুলে কথা বলেছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন, মা হওয়ার পর তাঁর জীবনের অগ্রাধিকারগুলো আমূল বদলে গিয়েছে। এতদিন নিজের কেরিয়ার, উচ্চাকাঙ্ক্ষা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকলেও এখন তাঁর পৃথিবী ওই একরত্তিকে কেন্দ্র করে।

বলিউডের ‘পাওয়ার কাপল’ রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের সংসারে ফের আসতে চলেছে নতুন সদস্য। রবিবার সকালে নেটপাড়ায় রীতিমতো বোমা ফাটালেন এই তারকা দম্পতি। গত বছরের সেপ্টেম্বরেই তাঁদের কোল আলো করে এসেছে তাঁদের ছোট্ট রাজকন্যা দুয়া। সেই রেশ কাটতে না কাটতেই ফের সুখবর! দ্বিতীয়বার মা হওয়ার কথা ঘোষণা করলেন দীপিকা। রবিবার ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্ট করেছেন রণবীর ও দীপিকা। সেখানে দেখা গিয়েছে, একরত্তি দুয়া একটি পজিটিভ প্রেগনেন্সি টেস্ট কিট হাতে ধরে রয়েছে। ক্যাপশনে কোনও দীর্ঘ বয়ান নেই, শুধু দুটি ‘ইভিল আই’ ইমোজি দিয়ে নিজেদের আনন্দ ভাগ করে নিয়েছেন তাঁরা। বড় পর্দার ‘মস্তানি’ যে ফের মা হতে চলেছেন, এই খবরে আপাতত মজেছে গোটা টিনসেল টাউন।
View this post on Instagram
মাতৃত্ব নিয়ে কী বলেছেন দীপিকা?
সম্প্রতি একটি সামিটে মাতৃত্ব নিয়ে মন খুলে কথা বলেছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন, মা হওয়ার পর তাঁর জীবনের অগ্রাধিকারগুলো আমূল বদলে গিয়েছে। এতদিন নিজের কেরিয়ার, উচ্চাকাঙ্ক্ষা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকলেও এখন তাঁর পৃথিবী ওই একরত্তিকে কেন্দ্র করে। দীপিকার কথায়, “এতদিন জীবনটা শুধু আমার একার ছিল, কিন্তু এখন আমি অন্য একটা প্রাণের জন্য দায়বদ্ধ।” সন্তানদের সাধারণ মধ্যবিত্ত মূল্যবোধে বড় করতে চান দীপিকা, যাতে গ্ল্যামার জগতের চাকচিক্য তাদের শৈশব কেড়ে না নেয়।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাদার জীবনেও এই জুটি এখন সাফল্যের তুঙ্গে। রণবীর সিংয়ের সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে রীতিমতো সুনামি বইয়ে দিয়েছে। মুক্তির এক মাস পরেও প্রেক্ষাগৃহে ভিড় কমছে না, ইতিমধ্যেই ১১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই ছবি।
অন্যদিকে দীপিকাও পিছিয়ে নেই। শাহরুখ খানের সঙ্গে তাঁকে দেখা যাবে ‘কিং’ ছবিতে। এছাড়া দক্ষিণী মেগাস্টার অল্লু অর্জুনের সঙ্গে পরিচালক অ্যাটলি-র আগামী প্রজেক্টেও থাকছেন তিনি। কেরিয়ারের এমন সুবর্ণ সময়ে দাঁড়িয়ে দ্বিতীয় সন্তানের আগমন যেন তাঁদের খুশিতে বাড়তি মাত্রা যোগ করল। ২০১৮ সালে ইতালির লেক কোমোতে রূপকথার বিয়ে থেকে শুরু করে আজকের এই পরিপূর্ণ সংসার— দীপবীর-এর রসায়ন যে বারবার অনুরাগীদের মন জয় করে নিচ্ছে, তা বলাই বাহুল্য।
