Leander Paes: ‘মধূসুদন দত্তের পরিবারের ছেলে’, বাংলার ভোট ময়দানে লিয়েন্ডারকে চান সুকান্ত
BJP Joining: ১৯৯৬-তে অলিম্পিকে ৪৪ বছর পর প্রথম টেনিস সিঙ্গলসে পদক জিতেছিলেন। তারপর থেকে আজ পর্যন্ত ভারতে একের পর এক মেডাল আসছে। শুধু ভারতীয় নয়, প্রথম এশিয় হিসেবে অলিম্পিক জিতেছিলেন লিয়েন্ডার পেজ। এশিয়ান গেমসে সবথেকে বেশি পদকজয়ীর নামও লিয়েন্ডার পেজ। ডেভিস কাপে তাঁর রেকর্ডের কথাও এদিন উল্লেখ করেন রিজিজু।

নয়া দিল্লি: ভোটের আগে তারকার দলবদল। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের মুখে বিজেপিতে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। ২০২১-এ তৃণমূল কংগ্রেস যখন গোয়ায় সংগঠন তৈরির চেষ্টা চালাচ্ছে, সেই সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা গ্রহণ করে তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার পেজ। ঠিক পাঁচ বছর বাদে যোগ দিলেন বিজেপিতে। বাংলায় জন্মেছেন লিয়েন্ডার পেজ, তাঁর মা বাঙালি। এবার বাংলার ভোট ময়দানে লিয়েন্ডার পেজকে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করলেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
বিজেপিতে যোগ দিয়ে পেজ বলেন, “৪০ বছর ধরে দেশের জন্য খেলেছি। এবার দেশের সেবা করব।” বাংলায় যখন টেনিস প্র্যাকটিস শুরু করেছিলেন, তখন কেমন পরিকাঠামো ছিল, সে কথাও এদিন তুলে ধরেন পেজ।
তিনি বলেন, “১৯৮৬-তে যখন বাংলায় টেনিস খেলেছি, তখন না ছিল আলো, না ছিল কোনও পরিকাঠামো। এখন পরিস্থিতির বদল হয়েছে ঠিকই, তবে বাংলা আরও এগোতে পারে।” স্পোর্টস আর স্পোর্টস এডুকেশনের উপর জোর দেওয়ার কথা বলেন তিনি। বিশেষত মহিলাদের খেলাধূলার উপর জোর দেওয়ার কথাও বলেন প্রাক্তন টেনিস তারকা। ২০৩৬-এ অলিম্পিক যখন ভারতে হবে, তখন যেন অনেক বেশি মেডাল আসে ভারতে। সেই লক্ষ্যমাত্রা স্থির করার কথা বলেন পেজ।
বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “লিয়েন্ডার পেজ বাংলার ছেলে। মধুসূদন দত্তের সঙ্গে ওঁর মায়ের পারিবারিক যোগ রয়েছে। বাংলার ভোট ময়দানে ওঁকে পাব।”
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু মনে করিয়ে দেন, একটা সময় ভারতের হাতে অলিম্পিক থেকে কোনও মেডাল আসত না। ১৯৯৬-তে অলিম্পিকে ৪৪ বছর পর প্রথম টেনিস সিঙ্গলসে পদক জিতেছিলেন। তারপর থেকে আজ পর্যন্ত ভারতে একের পর এক মেডাল আসছে। শুধু ভারতীয় নয়, প্রথম এশিয় হিসেবে অলিম্পিক জিতেছিলেন লিয়েন্ডার পেজ। এশিয়ান গেমসে সবথেকে বেশি পদকজয়ীর নামও লিয়েন্ডার পেজ। ডেভিস কাপে তাঁর রেকর্ডের কথাও এদিন উল্লেখ করেন রিজিজু।
