AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR : ওরা আগে থেকেই সব জানত…কেকেআরকে পাল্টা অস্ট্রেলিয়া বোর্ডের!

Cameron Green news update : আইপিএলের আগেই রবিচন্দ্রন অশ্বিন বলেছিলেন, যদি গ্রিন বোলিং না করে, তাহলে দু'কোটি টাকা কেটে নেওয়া উচিত গ্রিনের অর্থ থেকে। আকাশ চোপড়াও প্রশ্ন তুলেছিলেন গ্রিনকে নিয়ে। তিনি বলেছিলেন,"যদি অলরাউন্ডার চেয়ে ব্যাটার পাওয়া যায়, তাহলে অর্থ ফেরত দেওয়া উচিত।"

KKR : ওরা আগে থেকেই সব জানত...কেকেআরকে পাল্টা অস্ট্রেলিয়া বোর্ডের!
Image Credit: PTI
| Edited By: | Updated on: Mar 31, 2026 | 2:21 PM
Share

কলকাতা : ২০২৬ আইপিএলে প্রায় ২৬ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছে কেকেআর। ২৫.২০ কোটি টাকার বিনিময়ে এই বছর কেকেআর দলে যোগ দিয়েছেন ক্যামেরন গ্রিন। কিন্তু ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সবথেকে দামী বিদেশী ক্রিকেটার হওয়া সত্ত্বেও বিতর্কের কেন্দ্রে তিনি। প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে হেরে গিয়েছে কেকেআর। প্রথম ম্যাচেই হারের ফলে শুরু একদমই ভাল হয়নি। এরপর থেকেই গ্রিনকে নিয়ে বিতর্ক অব্যাহত।

গ্রীনের বিতর্কের কেন্দ্রে থাকার কারণ, তিনি প্রথম ম্যাচে শুধুই ব্যাটার হিসেবে খেলেছেন। এরপর সম্প্রচারকারী সংস্থার কাছে ইন্টারভিউতে এই বিষয়ে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানেকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন,”এই বিষয়ে উত্তর দিতে পারবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ওরাই জানে।” কেকেআর অধিনায়ক স্পষ্টই এই বিষয়ে কোনও সদুত্তর দেননি। এরপরেই পাল্টা বিবৃতি দেওয়া হল ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে। বিবৃতির মাধ্যমে কেকেআর শিবিরের দিকেই বল ঠেলে দিল অস্ট্রেলিয়া বোর্ড। বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কেকেআর জানত যে গ্রিন আইপিএল শুরু হওয়ার পর প্রথম কয়েকটি ম্যাচে বোলিং করতে পারবেন না। তারা লিখেছে,”ক্যামেরনের পিঠের নিচের অংশে চোট রয়েছে। ফলে, আপাতত ও বোলিং করতে পারবে না। এই মুহূর্তে ভারতে ওকে চোট সারানোর জন্য রাখা হয়েছে। আশা করা হচ্ছে, ১০ থেকে ১২ দিনের মধ্যে ও সুস্থ হয়ে উঠবে।” সুস্থ না হলে তাঁকে বোলিংয়ের সবুজ সংকেত দেবে না অস্ট্রেলিয়া, এমনই শোনা যাচ্ছে।

এরপরেই প্রশ্ন উঠেছে, শুধু ব্যাটিং করার জন্যই কি প্রায় ২৬ কোটি টাকা দেওয়া হচ্ছে গ্রিনকে ? পাশাপাশি, সম্পূর্ণ ফিট না হয়ে তিনি আইপিএলে খেলতে এসেছেনই বা কেন ? এই বিষয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বলেছে,”কেকেআর সব জানে। ওদের সবটাই জানানো হয়েছে এবং ওরা সব বিষয়ে ওয়াকিবহাল।” কিন্তু এবিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি কেকেআর। আইপিএলের আগেই রবিচন্দ্রন অশ্বিন বলেছিলেন, যদি গ্রিন বোলিং না করে, তাহলে দু’কোটি টাকা কেটে নেওয়া উচিত গ্রিনের। আকাশ চোপড়াও প্রশ্ন তুলেছিলেন গ্রিনকে নিয়ে। তিনি বলেছিলেন,”যদি অলরাউন্ডার চেয়ে ব্যাটার পাওয়া যায়, তাহলে অর্থ ফেরত দেওয়া উচিত।”

সোমবার বিকেলেই শহরে ফিরেছে দল। মঙ্গলবার বিকেল থেকে প্র্যাকটিস শুরু করবে নাইটরা। নাইটদের এরপরের ৩টি ম্যাচই ঘরের মাঠে। ২, ৬, ৯ এপ্রিল ইডেন গার্ডেন্সেই ম্যাচ রয়েছে নাইটদের। তবে এর মধ্যেই কলকাতার ইতিহাসে সবথেকে দামি বাজি গ্রিনকে নিয়ে দানা বেঁধেছে বিতর্ক।

Follow Us