Loksabha Election 2024: কারা সরকার গড়বে? বুধে বৈঠক বসছে INDIA, NDA
NDA Meeting: লোকসভা নির্বাচনের ফল প্রকাশ এখনও সম্পূর্ণ হয়নি। তার আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নিজের বাসভবনে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকেও বসেছেন। অমিত শাহ, রাজনাথ সিংও সেই বৈঠকে যোগ দিয়েছেন। সবমিলিয়ে, এখন থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিজেপি।

নয়া দিল্লি: ভোটের ফল প্রকাশের পরদিনই ইন্ডিয়া জোটের বৈঠকে বসার সূচি ছিল। এবার ওই একইদিনে অর্থাৎ বুধবারই বৈঠকে বসতে চলেছে এনডিএ জোটও। মূলত, ভোটের ফলাফল এবং সরকার গড়ার বিষয়ে আলোচনা করতেই এনডিএ জোটের এই বৈঠক বলে মনে করা হচ্ছে।
এদিকে, এদিন সকাল থেকে ভোটের ফলের যে ট্রেন্ড দেখা যাচ্ছে, সেখানে বিকেল ৪টে পর্যন্ত NDA জোট ৩০০-র কাছাকাছি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ ম্যাজিক ফিগার ছুঁয়ে রয়েছে। বিজেপি এককভাবে ২৪১টি আসনে এগিয়ে। কিন্তু, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোটও। বিকেল ৪টে পর্যন্ত ইন্ডিয়া জোট এগিয়ে ২২৮টি আসনে। ফলে এনডিএ জোট যে খুব একটা স্বস্তিতে নেই তা বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোট যেমন শরিক বাড়ানোর চেষ্টা করবে, তেমনই জোট ধরে রেখে সরকার গড়তে মরিয়া গেরুয়া শিবির। তাই বুধবারই শরিক দলগুলির সঙ্গে বৈঠকে বসছে এনডিএ জোট। ইতিমধ্যে টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) নেতা নীতিশ কুমারের সঙ্গে খোদ অমিত শাহ কথা বলেছেন বলে জানা গিয়েছে। এমনকি আওয়ামি মোর্চা জিতন রাম মাঝির সঙ্গেও শাহের কথা হয়েছে বলে সূত্রের খবর।
ইতিমধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নিজের বাসভবনে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকেও বসেছেন। অমিত শাহ, রাজনাথ সিংও সেই বৈঠকে যোগ দিয়েছেন। সবমিলিয়ে, এখন থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিজেপি।
অন্যদিকে, বসে নেই ইন্ডিয়া জোটও। ইন্ডিয়া জোট ২০০-র বেশি আসনে এগোতেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে কংগ্রেস শিবিরও। এই জোট গড়ার শুরুতে নীতীশ কুমার প্রধান ভূমিকা নিলেও পরবর্তীতে দলবদলু হয়ে বিজেপির সঙ্গে হাত মেলায়। তবে সেকথা ভুলেই নীতীশ কুমারের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছে কংগ্রেস নেতৃত্বও। এমনকি ইন্ডিয়া জোট সরকার গড়লে নীতীশ কুমারকে উপ-প্রধানমন্ত্রীর পদ দেওয়া হবে বলেও সূত্রের খবর। এছাড়া জোট শরিক না হলেও সরকার গঠনে বড় ফ্যাক্টর হতে চলা চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও কথা বলেছে কংগ্রেস নেতৃত্ব। আবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মল্লিকার্জুন খাড়্গে এবং বামেদের সীতারাম ইয়েচুরির সঙ্গে ইতিমধ্যে ফোনে কথা বলেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।
ফল প্রকাশের পর এদিন সন্ধ্যায় দলের সদর দফতর থেকে মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধী সাংবাদিক বৈঠক করবেন বলেও কংগ্রেসের তরফে জানানো হয়েছে।
