Induction Cooktop: রান্নার গ্যাস নিয়ে আর চিন্তা করতে হবে না, আমজনতার জন্য ৫ লক্ষ Induction আনছে সরকার
LPG Shortage: ইইএসএল শীঘ্রই ইন্ডাকশন কুকস্টোভ কেনার জন্য নতুন টেন্ডার ডাকবে। ইতিমধ্যেই এক লক্ষ ইন্ডাকশনেক অর্ডার দেওয়া হয়েছে। ইইএসএলের এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে ভেন্ডরদের কাছে যে ইন্ডাকশনের স্টক রয়েছে, তা শেষ হয়ে গেলে নতুন টেন্ডার ডাকা হবে।

নয়া দিল্লি: যুদ্ধের আঁচ বাড়ছে। সেই সঙ্গে এলপিজি সঙ্কট (LPG Crisis) নিয়েও উদ্বেগ বাড়ছে। যদিও কেন্দ্র আশ্বাস দিয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দেশে এখনও এলপিজি পর্যাপ্ত জোগান রয়েছে। এবার মধ্যবিত্ত সাধারণ মানুষকে স্বস্তি দিতে কেন্দ্রের আরও এক পদক্ষেপ। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা এনার্জি এফিসিয়েন্সি সার্ভিস লিমিটেড (Energy Efficiency Service Limited) পাঁচ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ (Induction Cookstove) আনতে চলেছে। ধাপে ধাপে এই ইন্ডাকশন কুকস্টোভ বাজারে আনা হবে।
কেন্দ্রীয় সূত্রে খবর, ইইএসএল শীঘ্রই ইন্ডাকশন কুকস্টোভ কেনার জন্য নতুন টেন্ডার ডাকবে। ইতিমধ্যেই এক লক্ষ ইন্ডাকশনেক অর্ডার দেওয়া হয়েছে। এবার ইন্ডাকশন উপযোগী বাসনপত্রও কেনা হচ্ছে। জানা গিয়েছে, ওই এক লক্ষ ইন্ডাকশন বিভিন্ন রাজ্যে, সরকার অধীনস্থ সংস্থাগুলিতে পাঠানো হবে।
ইইএসএলের এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে ভেন্ডরদের কাছে যে ইন্ডাকশনের স্টক রয়েছে, তা শেষ হয়ে গেলে নতুন টেন্ডার ডাকা হবে। ৫ লক্ষ ইন্ডাকশন কেনার জন্য টেন্ডার ডাকা হবে।
প্রসঙ্গত, এটি কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল এফিসিয়েন্ট কুকিং প্রোগ্রামের অধীনস্থ একটি উদ্যোগ। জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভরশীলতা কমিয়ে, বিকল্প শক্তি বা জ্বালানির প্রচারের জন্যই ‘গো ইলেকট্রিক’ (Go Electric) ক্যাম্পেন শুরু করা হয়েছিল। ২০২৩ সালে ‘ন্যাশনাল ইলেকট্রিক কুকিং প্রোগ্রাম’ শুরু করা হয়।
এবার ইরান-আমেরিকার সংঘাত শুরুর পরই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায়, বিশ্বজুড়ে এলপিজির সঙ্কট দেখা দিয়েছে। বাড়ছে চাহিদা। যাতে এলপিজির দাম না বাড়ে, তার জন্যই ইন্ডাকশনের উদ্যোগ। এনার্জি এফিসিয়েন্সি সার্ভিস লিমিটেড তাদের ই-কমার্স প্ল্যাটফর্ম EESLmart.in- থেকে ইন্ডাকশন পাওয়া যাবে। ১২০০ ওয়াটের ইন্ডাকশন কুকটপে এনার্জি কনসামশন ডিসপ্লে ও চাইল্ড সেফটি লকের মতো অত্যাধুনিক ফিচার থাকবে।
প্রসঙ্গত, ইন্ডাকশনে রান্না হলে এলপিজির তুলনায় ২০ থেকে ৩০ শতাংশ সাশ্রয় হয়। অনেকটাই কমে কার্বন এমিশন।
