PM Narendra Modi: ‘ভয়ে আমেঠী ছেড়ে পালিয়েছে শাহজাদা’, রাহুলকে হারের খোঁচা প্রধানমন্ত্রী মোদীর
PM Modi Attacks Rahul Gandhi: প্রধানমন্ত্রী বলেন, "আমি তো আগেই বলেছিলাম এদের সবথেকে বড় নেতা নির্বাচনে দাঁড়াবেন না। সেটাই হল। পালিয়ে রাজস্থানে গেলেন, সেখান থেকে রাজ্যসভায় ঢুকলেন। আমি আগেই বলেছিলাম, শাহজাদা ওয়েনাডে হারবে।"

বর্ধমান: ২৪’র লোকসভা নির্বাচনেও দুই আসনে লড়ছেন রাহুল। তবে এবার আমেঠী নয়, রায়বরৈলি থেকে লড়ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ওয়েনাডের পর এবার রায়বরৈলিতে রাহুলের প্রার্থী হওয়া নিয়ে চাঁচাছোলা আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্ধমানের সভা থেকে তিনি বললেন, “রাহুল গান্ধী ভয়ে আমেঠী ছেড়ে পালিয়েছেন।”
বাংলায় নির্বাচনী প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক সভা রয়েছে তাঁর। এ দিন প্রথমে বর্ধমানের জনসভা থেকেই রাহুল গান্ধীকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, “আমি তো আগেই বলেছিলাম এদের সবথেকে বড় নেতা নির্বাচনে দাঁড়াবেন না। সেটাই হল। পালিয়ে রাজস্থানে গেলেন, সেখান থেকে রাজ্যসভায় ঢুকলেন। আমি আগেই বলেছিলাম, শাহজাদা ওয়েনাডে হারবে। হারের ভয়েই ওয়েনাডে ভোট শেষ হতেই দ্বিতীয় আসনে প্রার্থী হয়ে গেল। ওঁর চ্যালারা বলছিল, আমেঠী থেকে লড়বেন। কিন্তু হারের এত ভয় যে আমেঠীতে দাঁড়ালই না, পালিয়ে রায়বরৈলিতে গিয়ে এখন জেতার রাস্তা খুঁজছে।”
তিনি আরও বলেন, “এরা ঘুরে ঘুরে সবাইকে বলে, ডারো মাত। আমিও এদের বলছি, ডারো মাত, ভাগো মাত। কংগ্রেস এবার আরও কম আসনে জিতবে। আগেরবারের তুলনায় কম আসনে লড়ছে কংগ্রেস। স্বাভাবিকভাবেই আরও কম আসনে জিতবে। এরা নির্বাচনে জেতার জন্য লড়ছে না। এরা শুধুমাত্র দেশকে ভাগ করার উদ্দেশ্যে এই নির্বাচনকে ব্যবহার করছে।”
ইন্ডিয়া জোটকেও আ্ক্রমণ করে মোদী বলেন, “ইন্ডি জোট শুধু ভোট ব্যাঙ্কের জন্য সমর্পিত। আমরা সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্রে কাজ করি। মোদী ১০ বছরে গরিব, পিছিয়ে পড়া শ্রেণির জন্য ৩৮ লাখ পাকা বাড়ি তৈরি করে দিয়েছে। মোদী বাংলার ৬ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে। মোদী বাংলায় ৮০ লক্ষ বাড়িতে জলের সংযোগ পৌঁছে দিয়েছে।”
