India Energy Crisis: হরমুজে জট, এনার্জি প্ল্যান্ট ধ্বংস! ভারতের জ্বালানি সঙ্কট বাড়ছে? জল মাপতে নামল সরকার
LNG supply India: ইরানের হামলায় বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের এলএনজি ও অন্যান্য এনার্জি প্ল্যান্ট। স্বাভাবিকভাবেই ভারতের এলপিজি এবং এলএনজি চাহিদার কতটা মেটাতে পারবে কাতার, তা বুঝতেই বৈঠক করবেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।

নয়া দিল্লি: প্রাণভোমরা আটকে হরমুজে। শুধু ভারত নয়, মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেরই অর্থনীতির প্রাণভোমরা হরমুজ প্রণালী (Strait of Hormuz)। এই পথ ধরেই বিশ্বের জ্বালানির চাহিদার একটা বড় অংশ সরবরাহ হয়। হরমুজ প্রণালী খোলা নিয়ে কী হতে চলেছে মধ্যপ্রাচ্যের দেশগুলির কূটনৈতিক অবস্থান? ৪০ দিনের যুদ্ধের জেরে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে যুদ্ধ পরবর্তী বিপর্যস্ত পরিস্থিতিতে ভারতের তেল গ্যাসের চাহিদার কতটা মেটাতে পারবে মধ্যপ্রাচ্য? এই পরিস্থিতি বুঝতেই মরিয়া নয়াদিল্লি।
পাকিস্তান যখন ইরান-আমেরিকা মধ্যস্থতা নিয়ে ব্যস্ত, তখন নিজের দেশের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে মধ্যপ্রাচ্যে চূড়ান্ত কূটনৈতিক তৎপরতা শুরু করল ভারত। একদিকে ওমান, সৌদি আরব এবং মিশরের বিদেশ মন্ত্রীর সঙ্গে জ্বালানি নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে, আজ কাতারের উদ্দেশ্যে রওনা দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।
আজ থেকে মরিশাসে শুরু হচ্ছে নবম ভারত মহাসাগর কনফারেন্স (9th Indian Ocean conference)। এই বৈঠকের পাশাপাশিই মধ্যপ্রাচ্যের দেশগুলির বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। এরপর আগামীকাল মরিশাস থেকে সংযুক্ত আরব আমিরশাহীর উদ্দেশ্যে রওনা হবেন জয়শঙ্কর। তেল, গ্যাস ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহী থেকে গুরুত্বপূর্ণ একাধিক পণ্য আমদানি করে ভারত। হরমুজ প্রণালী খোলার ক্ষেত্রে এই দেশগুলি কী ভাবছে, তা বুঝতে চাইছে ভারত।
সূত্র মারফত জানা গিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহনের জন্য ইরানকে টোল বা শুল্ক দেওয়ার পক্ষপাতী নয় নয়াদিল্লি। যেহেতু ভারতের জ্বালানি ও শক্তির চাহিদার প্রায় ৮০ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়, তাই ভারতকে মধ্য প্রাচ্যের উপরেই অনেকটা নির্ভরশীল থাকতে হয়।
ইরানের হামলায় বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের এলএনজি ও অন্যান্য এনার্জি প্ল্যান্ট। স্বাভাবিকভাবেই ভারতের এলপিজি এবং এলএনজি চাহিদার কতটা মেটাতে পারবে কাতার, তা বুঝতেই বৈঠক করবেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। একই সঙ্গে হরমুজ খোলার ক্ষেত্রে কাতারকে ইতিবাচক অবস্থান নেওয়ার আবেদন জানাবে ভারত।
