BJP Bengal: ডায়মন্ড হারবার থেকে বিজেপির টিকিটে লড়তে চেয়েছেন ‘ববি দা’!
BJP Bengal: এই ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে কথা বলতে গিয়ে, বরানগর উপ নির্বাচনের প্রার্থী তথা বিজেপি নেতা সজল ঘোষ বলেছেন, দলের মধ্যে নাকি অনেক নেতাই ওই কেন্দ্র থেকে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এমনকী তিনি নিজেও লড়তে চেয়েছিলেন বলে দাবি করেছেন সজল।

কলকাতা: ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে কে হবেন বিজেপির প্রার্থী? এই নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মাঝে বিজেপি নেতা সজল ঘোষ দাবি করলেন এই কেন্দ্র থেকে লড়তে চেয়েছেন ‘ববি দা।’ ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে কথা বলতে গিয়ে, বরানগর উপ নির্বাচনের প্রার্থী তথা বিজেপি নেতা সজল ঘোষ বলেছেন, দলের মধ্যে নাকি অনেক নেতাই ওই কেন্দ্র থেকে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এমনকী তিনি নিজেও লড়তে চেয়েছিলেন বলে দাবি করেছেন সজল।
ডায়মন্ড হারবার আসন থেকে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করলেও আর কোনও দলই প্রার্থী দেয়নি এখনও। বিজেপি থেকে সিপিএম- সব দলের অন্দরে এখনও চলছে জল্পনা, শীর্ষনেতারা কষছেন হিসেব-নিকেশ। তবে নাম খুঁজে পাওয়া যায়নি এখনও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ‘হেভিওয়েট’ প্রার্থীর বিরোধিতা করার জন্য এরই মধ্যে অনেক নাম সামনে এসেছে। আইএসএফ-এর নওশাদ সিদ্দিকী নিজে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এবার সামনে এল আরও একটি নাম, ‘ববি দা।’
বিজেপি নেতা বলেন, “আমিও চেয়েছিলাম। আমার মন খারাপ যে দেয়নি। ওখানে রুদ্র দা লড়তে চায়, শঙ্কু লড়তে চায়, ববি দা লড়তে চায়, কৌস্তভও চায়।” এখন প্রশ্ন হল ববি দা-কে? রাজ্য রাজনীতিতে ‘ববি দা’ বললে যাঁকে বোঝায়, তিনি হলেন কলকাতা পুরনিগমের মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে বিজেপি নেতার মুখে এ কোন ববি দা-র নাম শোনা গেল?
তবে ‘ববি দা’ নামটা বলেই এদিন সজল ঘোষ বলেন, “মানে এই চোর ববি দা নয়, ওখানে একজন ববি দা আছেন।”
আসলে দক্ষিণ ২৪ পরগনাতেও আছেন একজন ‘ববি দা’। ওই এলাকায় ববি দা বললে একজন বিজেপি নেতাকে চেনেন রাজনৈতিক নেতারা। তিনি হলেন অভিজিৎ দাস। একসময় বিজেপির জেলা সভাপতি ছিলেন তিনি। গেরুয়া শিবিরের দীর্ঘদিনের নেতা। বর্তমানে দলের কোনও পদে না থাকলেও একালায় দাপুটে নেতা বলেই পরিচিত তিনি। বছর কয়েক আগে তাঁর ওপর হামলা হয়। তারপর থেকে বিশেষ নিরাপত্তাও পান তিনি। এবার প্রার্থী-জল্পনায় উঠে এলে সেই ‘ববি দা’রই নাম।
